স্যালাড মানে কি শুধুই শসা-পেঁয়াজ? সেদ্ধ ডিম দিয়ে বানাতে পারেন স্বাস্থ্যকর স্যালাড!

Posted By:

প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় ডিমকে। যে কারণে চিকিৎসকরা প্রতি দিন অন্তত একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন। তবে ডিম ভাজা বা পোচ নয়, এ ক্ষেত্রে ডিম সেদ্ধ খাওয়াই সবচেয়ে উপকারী।

রোজ রোজ সেদ্ধ ডিম খেতে নাও ভালো লাগতে পারে। সেদ্ধ ছাড়াও ডিম খাওয়ার আরেকটি স্বাস্থ্যকর উপায় হল স্যালাড। এগ স্যালাড স্বাদে যেমন অতুলনীয়, তেমনই স্বাস্থ্যকর। আর ঝটপট বানিয়েও ফেলা যায়। কী ভাবে তৈরি করবেন ডিমের স্যালাড? তারই প্রণালী রইল এখানে।

Egg Salad Recipe

উপকরণ
৫-৬টা সেদ্ধ ডিম, একটা আলু সেদ্ধ, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ কাপ দুধ, অর্ধেক গাজর, অর্ধেক ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো, পাতিলেবুর রস, পার্সলে পাতা, পুদিনা পাতা।

প্রণালী
সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিন। এর মধ্যে ২-৩টে ডিমের কুসুম বার করে রাখবেন। মিক্সিতে সেদ্ধ আলু, ডিমের কুসুম, নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি এবং অল্প দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি বেশি ঘন হয়ে গেলে আরও একটু দুধ ঢেলে মিক্সি আরও একবার ঘুরিয়ে নিন। একেবারে ক্রিমি পেস্ট তৈরি হবে।

ডিমগুলো ছোটো ছোটো টুকরো করে নিন। গাজর ও ক্যাপসিকাম একেবারে সরু লম্বা করে কেটে রাখবেন। বাঁধাকপির ভেতরের সাদা অংশটা খুব সরু করে কুচিয়ে নিন।

ডিমের সঙ্গে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো দিন। তারপর এতে আলু-কুসুম-দুধের পেস্ট দিন। পাতিলেবুর রস এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন। টাটকা পার্সলে ও পুদিনা পাতা থাকলে তা কুচিয়ে দিন। আর না হলে ড্রাই পার্সলে এবং পুদিনাও ব্যবহার করতে পারেন। এবার দু'টি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো ভাবে মাখিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এগ স্যালাড!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion