বিকেলের খুচরো খিদে মেটাতে খান মোজারেলা চিজ স্টিক, দেখুন কী ভাবে বানাবেন

Posted By:

বিকেল হলেই হালকা খিদে উঁকিঝুঁকি মারে। এই সময়ে মুখরোচক কিছু খেতেই ভাল লাগে। দোকানের চপ, কাটলেট, ঝালমুড়ি, ফুচকা, রোল, চাউমিন খেতে মন চায়। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাওয়াও বিপদ, আর খরচ সাপেক্ষও! তাই বিকেলের খুচরো খিদে মেটান ঘরে তৈরি খাবার দিয়েই।

স্পেশাল কী খাবার বানানো যায় ভাবছেন? আপনাদের জন্য রইল একেবারে অন্য স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। এর জন্য দোকান থেকে কিনে আনুন মোজারেলা চিজ। তার সঙ্গে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার। রইল প্রণালী।

Mozzarella Cheese Sticks Recipe

মোজারেলা স্টিকের উপকরণ
৫০০ গ্রাম মোজারেলা চিজ (লম্বা স্লাইস করে কাটা), ভাজার জন্য পরিমাণমতো তেল, ১/৩ কাপ কর্নস্টার্চ, ২/৩ কাপ ময়দা, আধা চা চামচ লবণ, ব্রেড ক্রাম্বস, ১ চা চামচ অরিগ্যানো, ১/৪ কাপ জল, একটা ডিম।

মোজারেলা স্টিক তৈরির পদ্ধতি
একটি ছোটো বাটিতে প্রথমে ডিম ভাল করে ফেটিয়ে নিন। প্রয়োজনে জল মেশান। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস এবং লবণ মিশিয়ে নিন। আরেকটি মাঝারি সাইজের পাত্রে ময়দা এবং কর্নস্টার্চ মিশ্রিত করুন।

ফ্রাইং প্যানে তেল গরম করতে দিন। এবার এক একটা মোজারেলা চিজ স্টিক নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে কোট করুন। তারপর ডিমের মিশ্রণে ভাল ভাবে ডুবিয়ে, ব্রেড ক্রাম্বসে আরও একবার কোট করে নিন। গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নিন। সোনালি রঙ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর তেল থেকে ছেঁকে টিস্যু পেপারে তুলে নিন। তেল শুষে নিলে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Thursday, May 18, 2023, 21:00 [IST]
X
Desktop Bottom Promotion