শীতে চা বা কফির সঙ্গে দারুণ জমবে চিকেন কিমায় ঠাসা ডিমের দিলরুবা!

Posted By:

শীতকালে পার্টি, পিকনিক, ছোটোখাটো গেট টুগেদার লেগেই থাকে। গল্প, আড্ডার পাশাপাশি চলে জমিয়ে পেটপুজো। স্ন্যাক্স থেকে মেইন কোর্স, রকমারি রান্নার বন্দোবস্ত করা হয়। আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা এক স্ন্যাক্সের রেসিপি, ডিমের দিলরুবা। চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে ডিমের এই পদ।

ডিমের দিলরুবা তৈরির উপকরণ

৫-৬টা ডিম সিদ্ধ, ২৫০ গ্রাম চিকেন কিমা, একটা আলু সিদ্ধ, রসুন কুচি, আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণমতো সাদা তেল।

Egg Dilruba Recipe

ডিমের দিলরুবা তৈরির পদ্ধতি

চিকেন কিমা ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর কিমায় নুন মাখিয়ে সেদ্ধ করে রাখুন। কড়াইতে তেল গরম করে রসুন কুচি একটু ভেজে নিন। এতে আদা রসুন বাটা দিয়ে ভাজুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করা চিকেন কিমা দিয়ে দিন কড়াইতে। মশলার সঙ্গে কিমা মিশিয়ে নিন ভালো ভাবে। ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। খানিকক্ষণ পর সেদ্ধ আলু দিয়ে মিশিয়ে নিন। ধীরে ধীরে মাংস ও মশলার মিশ্রণ মাখো মাখো হয়ে আসবে।

একটি বাটিতে কর্নফ্লাওয়ার জলে গুলে রাখতে হবে। আরেকটি প্লেটে ব্রেড ক্রাম্বস ঢেলে রাখুন। কড়াইতে তেল গরম করতে বসান। সেদ্ধ ডিমের বাইরের দিকে চিকেন কিমা দিয়ে ভালো করে কোট করে নিন। এ বার এই কোট করা ডিমটি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিন। গরম তেলে লালচে করে ভেজে ফেলুন। ব্যস, রেডি হয়ে গেল ডিমের দিলরুবা! স্যালাড, কাসুন্দি এবং টমেটো সস সহযোগে পরিবেশন করুন গরম গরম। চপ ভাজার সময় আঁচ কমিয়ে রাখবেন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion