ডিম দিয়েই বানিয়ে ফেলুন ধোকার ডালনা! রইল রেসিপির হদিশ

Posted By:

ডিম প্রায় সকলের বাড়িতেই মজুত থাকে। ছোটো থেকে বড় সবারই ডিম বড় প্রিয়। পকেটসই তো বটেই, আর পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু সেই একঘেয়ে সেদ্ধ, অমলেট, ঝোল, কষা খেতে খেতে বিরক্ত? ডিম দিয়ে ধোকার ডালনা বানালে কেমন হয়? কম সময়ে রান্নাও হবে, আর নতুন ধরনের পদের স্বাদও মিলবে। দেখে নিন রেসিপি।

উপকরণ

৪-৫টা ডিম, ২টো আলু, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচালঙ্কা, ২টো তেজপাতা, রান্নার জন্য তেল, এক চিমটে বেকিং সোডা, দারুচিনি, আধ চা চামচ গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ।

Dimer dhokar dalna

প্রণালী

একটি পাত্রে ডিম ফাটিয়ে তার মধ্যে বেকিং সোডা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে ভেজে তুলে রাখুন।

বড় টিফিন বাক্সের ভেতরে তেল মাখিয়ে তার মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিন। ঢাকনা ভাল ভাবে লাগাবেন। কড়াইতে জল গরম করুন। তার মধ্যে টিফিন বাক্স বসিয়ে একেবারে কম আঁচে ভাপিয়ে নিন ১৫-২০ মিনিট। ডিমের মিশ্রণ ভাল ভাবে জমলে তবেই আঁচ নেভাবেন। ছুরির সাহায্যে ধোকার আকারে কেটে নিন এই ভাপানো ডিম।

কড়াইতে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা এবং দারুচিনি ফোড়ন দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন। তারপর আদা ও রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন খানিকক্ষণ। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে পরিমাণমতো গরম জল ঢেলে দিন। ঝোল ফুটে উঠলে ডিমের ধোকা এবং ভেজে রাখা আলু দিয়ে ফুটিয়ে নিন খানিকক্ষণ। নামানোর আগে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেবেন।

[ of 5 - Users]
Story first published: Friday, August 18, 2023, 19:56 [IST]
X
Desktop Bottom Promotion