ডিমের ঝোল, ভাজা আর ভালো লাগছে না? এবার চেখে দেখুন ডিমের কোর্মা!

Posted By:

কম দামে যথেষ্ট পুষ্টি, সঙ্গে দারুণ স্বাদ, দুইয়ে মিলে ডিমের জনপ্রিয় একেবারে তুঙ্গে। আর চটজলদি রেঁধেও ফেলা যায় ডিমের যে কোনও পদ। তবে ডিম মানেই সেই চেনাপরিচিত পোচ, ওমলেট, ঝোল বা কষা নয়। ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু শাহী কোর্মাও। কী ভাবে বানাবেন, রইল তারই হদিশ।

উপকরণ

৪-৫টা ডিম, পেঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো, টক দই, নারকেলের দুধ, কাজু বাদাম ও চারমগজ বাটা, ফ্রেশ ক্রিম, সামান্য মিঠা আতর, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য সর্ষে তেল।

Egg Korma Recipe

প্রণালী

ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটি পাত্রে টক দই, নুন, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য সাদা তেল দিয়ে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন সেদ্ধ ডিমগুলো। তারপর কড়াইয়ে তেল গরম করে ডিমগুলি হালকা ভেজে তুলে রাখুন।

ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, কাজুবাদাম, চারমগজ দিয়ে ভাল করে কষিয়ে নিন খানিকক্ষণ। এই মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে।

কড়াইয়ে আবার তেল গরম করে আদা বাটা, রসুন বাটা দিন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা মিশ্রণটি দিয়ে দিন। নুন, চিনি, টক দইও দিয়ে দেবেন। আরও কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর নারকেলের দুধ যোগ করুন। গ্রেভি ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিন।

গ্রেভি মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম, শাহি গরম মশলা গুঁড়ো আর মিঠা আতর ছড়িয়ে মিশিয়ে দিন ভালো ভাবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ডিমের শাহী কোর্মা! সাদা ভাত, ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion