গরমে প্রাণ জুড়াতে বাড়িতেই বানান চকোবার আইসক্রিম! রইল সহজ রেসিপি

Posted By:

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এই অবস্থায় একটু স্বস্তি পেতে ফ্রিজের ঠান্ডা জল, সফ্ট ড্রিঙ্কস, আইসক্রিম, ঠান্ডা জুস বা অন্যান্য ঠান্ডা পানীয় খেতে মন চায়। বিশেষ করে, গরমে প্রাণ জুড়াতে আইসক্রিম তো খাওয়া হয়ই। কত নাম, কতরকমই না তার স্বাদ।

তবে যত স্বাদের আইসক্রিমই আমরা খাই না কেন, চকোবারের জনপ্রিয়তায় কিন্তু একটুও ভাটা পড়ে না। আট থেকে আশি সকলেরই অতি প্রিয় চকোবার আইসক্রিম। দোকান থেকে না কিনে বাড়িতে নিজেই বানাতে পারবেন খুব সহজে। কী ভাবে? জেনে নিন রেসিপি।

Chocobar Ice Cream Recipe

চকোবার আইসক্রিমের উপকরণ
১ কাপ গুঁড়ো দুধ, ৩/৪ কাপ জল, ১/৩ কাপ কনডেন্সড মিল্ক, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, ২০০ গ্রাম মিল্ক চকোলেট।

চকোবার আইসক্রিম তৈরির পদ্ধতি
সসপ্যানে গুঁড়ো দুধের সঙ্গে ৩/৪ কাপ জল দিয়ে ফুটতে দিন। দুধ খানিকক্ষণ ফোটার পর এর মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে মেশান। কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে ঢেলে দিন দুধে। ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকুন বেশ কিছুক্ষণ। দেখবেন দুধের মিশ্রণ একেবারে থকথকে হয়ে এসেছে।

এবার এই থকথকে দুধ একটা পাত্রে ঢেলে নিয়ে তাতে ভ্যানিলা এসেন্স ভাল করে মেশান। আইসক্রিমের ছাঁচে মিশ্রণটি ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মাথাটা ভাল করে ঢেকে দিন। ফ্রিজে সারা রাত রেখে দিন। পরদিন ফ্রিজ থেকে বার করে ১০ মিনিট বাইরে রাখুন। তারপর ধীরে ধীরে ছাঁচ থেকে আইসক্রিমগুলো বার করে নিন।

একটা বাটিতে মিল্ক চকোলেট নিয়ে হালকা আঁচে গলিয়ে নিন। এবার আইসক্রিমগুলি এক এক করে গলানো চকোলেটে ভাল ভাবে ডুবিয়ে আরও কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ব্যস, তৈরি হয়ে যাবে চকোবার আইসক্রিম! ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, May 12, 2023, 18:13 [IST]
X
Desktop Bottom Promotion