একঘেয়ে ডিমের ঝোলে অরুচি? এবার ট্রাই করে দেখুন লোভনীয় 'চিলি এগ'

Posted By:

পছন্দের খাবারের তালিকায় ডিম নেই, এমন মানুষের সংখ্যা নেহাতই কম। সেদ্ধ, পোচ, অমলেট, ঝোল, ঝাল, ডিমের যে কোনও পদই আমবাঙালির প্রিয়। স্বল্প বাজেটের মধ্যে মন ও পেট দুই ভরায় ডিম। তাছাড়া, ডিমের পুষ্টিগুণও প্রচুর।

কিন্তু রোজ রোজ ওই একই ডিমের ঝোল, ঝাল কারই বা ভালো লাগে বলুন তো? স্বাদ বদলাতে তো মাঝে মধ্যে ইচ্ছে করেই। এবার ট্রাই করুন ডিমের একেবারে অন্য স্বাদের রেসিপি, চিলি এগ। এতদিন চিলি চিকেন কিংবা চিলি পনির খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন চিলি এগ। রইল রেসিপির হদিশ।

Chilli Egg Recipe

উপকরণ
সেদ্ধ ডিম ৩-৪টে, ২টো মাঝারি মাপের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চেরা, আদা ও রসুন কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো তেল, গোলমরিচ গুঁড়ো, ডিমের সাদা অংশ, ১ চা চামচ সয়া সস, ১ চা চামচ ভিনেগার, ১ চা চামচ টমেটো কেচাপ।

প্রণালী
পেঁয়াজ চার ফালি করে এক একটা খোলা বার করে নিন। ক্যাপসিকাম কিউব করে কেটে নিন। সেদ্ধ ডিমগুলো লম্বালম্বিভাবে চার ফালি করে নিন। একটা বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার, তিন চামচ ময়দা, সামান্য গোলমরিচ গুঁড়ো, নুন, সেজওয়ান সস, ডিমের সাদা অংশ এবং পরিমাণমতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

সেদ্ধ ডিমগুলো প্রথমে ময়দায় কোট করে নিন। তারপর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ভাল করে ডুবিয়ে তেলে ভেজে নিন। অন্য একটি কড়াইতে তেল গরম করে রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি ভেজে নিন। এতে দিয়ে দিন পেঁয়াজ, ক্যাপসিকাম ও সেজওয়ান সস। কিছুক্ষণ নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভেজে নিন।

এর পর পরিমাণমতো জল, নুন, গোলমচির গুঁড়ো, ভিনেগার, সয়া সস, টমেটো কেচাপ দিয়ে মিশিয়ে নিন। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিন এতে। গ্রেভি থকথকে হয়ে এলে ডিমের পকোড়াগুলো দিয়ে দিন। ক্রমাগত নাড়াচাড়া করে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার আঁচ নিভিয়ে পরিবেশন করুন এগ চিলি!

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 31, 2023, 16:48 [IST]
X
Desktop Bottom Promotion