একঘেয়ে চিকেনের ঝোল খেয়ে বিরক্ত? এবার চেখে দেখুন মুরগির পাতুরি

Posted By:

সারা সপ্তাহ বাড়িতে মাংস না উঠলেও, রবিবার প্রায় সব বাড়িতেই কব্জি ডুবিয়ে মাংস-ভাত খাওয়া হয়। তবে একঘেয়ে চিকেনের ঝোল খেতে মন না চাইলে বানিয়ে ফেলতে পারেন চিকেন পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে দেখে নিন কী ভাবে বানাবেন মুরগির পাতুরি।

Chicken Paturi Recipe

উপকরণ

৩০০ গ্রাম বোনলেস চিকেন (মাঝারি সাইজ করে কাটা)

একটা বড় সাইজের কলা পাতা

হাফ পাতিলেবুর রস

এক চা চামচ আদা ও রসুন পেস্ট

স্বাদমতো লবণ ও চিনি

পরিমাণমতো হলুদ গুঁড়ো

হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো

পরিমাণমতো সর্ষে তেল

৪ টেবিল চামচ পোস্ত

৪ টেবিল চামচ কালো সর্ষে

৪ টেবিল চামচ সাদা সর্ষে

কয়েকটা কাঁচা লঙ্কা

হাফ কাপ নারকেল কোরা

আরও পড়ুন : ভেটকি বা ইলিশ নয়, এই নিরামিষ পাতুরির জাদুতে পাত হবে সাফ!

তৈরির পদ্ধতি

১) চিকেন ভাল করে ধুয়ে নিন। ম্যারিনেট করার জন্য দিন - লেবুর রস, আদা ও রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল দিয়ে চিকেনটা মাখিয়ে নিন ভাল করে। ঢাকা দিয়ে ৩০ মিনিট রেখে দিন।

২) পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, হাফ কাপ গরম জল, ২-৩টে কাঁচা লঙ্কা দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর জলটা ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন।

৩) এই পেস্টে নারকেল কোরা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, অল্প সর্ষে তেল এবং ২টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিন। সমস্ত উপকরণ আবার মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করুন।

৪) হালকা গরম জলে কলা পাতা দিয়ে ধুয়ে নিন ভাল করে। তারপর পাতাগুলো মাঝারি সাইজ করে কেটে নিন।

৫) এবার কলা পাতায় প্রথমে মশলার পেস্টটা দিয়ে একটু ছড়িয়ে দিন। তার ওপরে চিকেনের ২টো পিস রাখুন। চিকেনের ওপর আরও একটু মশলা এবং অল্প সর্ষে তেল দিয়ে চিকেনটা কভার করে দিন। ওপরে একটা কাঁচা লঙ্কা রেখে কলা পাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন।

৬) এর পর গ্যাসে কড়াই গরম করে তাতে সর্ষে তেল মাখিয়ে দিন। সবকটা পাতুরি কড়াইতে রেখে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর পর পাতুরিগুলো উল্টেপাল্টে দেবেন। এ ভাবে বেশ কিছু ক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মুরগির পাতুরি!

[ of 5 - Users]
Story first published: Saturday, July 23, 2022, 20:22 [IST]
X
Desktop Bottom Promotion