এই ভাবে রান্না করুন চিকেন চাউমিন, মুখে লেগে থাকবে এর স্বাদ!

Posted By:

চাইনিজ খেতে কার না ভালো লাগে! বিশেষ করে ভারতীয় ঢঙে চিনের চাউমিন ছাড়া তো আমাদের এক মুহূর্ত চলবে না। আট হোক বা আশি, খিদে পেলে অনেকেরই সবচেয়ে পছন্দের খাবার চাউমিন। নানা রকমের সবজি, ডিম, মাংস দিয়ে বানানো চাউমিনের স্বাদ সত্যিই অনবদ্য। চটজলদি বানিয়েও ফেলা যায়, আর পেটও ভরে। আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা চিকেন চাউমিনের রেসিপি।

চিকেন চাউমিনের উপকরণ
চাউমিন পরিমাণমতো, ২৫০ গ্রাম বোনলেস চিকেন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সাদা ভিনেগার, বেকিং সোডা, রান্নার জন্য সাদা তেল।

Chicken Chow Mein Recipe

চিকেন চাউমিন তৈরির পদ্ধতি
জলে সামান্য সাদা তেল আর নুন দিয়ে চাউমিন সেদ্ধ করে নিন। তারপর চাউমিনের জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে বেশ ঝরঝরে হবে চাউমিন। চিকেন ভালো করে জলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিন।

চিকেনের সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনেগার, বেকিং সোডা মাখিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। একটু নেড়েচেড়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। মাংস বাদামী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন ভালো করে। এতে এক এক করে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি দিয়ে নাড়তে থাকুন। নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে সব উপকরণ ভেজে নিন ভালো ভাবে।

এবার কড়াইতে সেদ্ধ চাউমিন দিয়ে সবজি ও মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে সয়া সস, ভিনেগার, গ্রিন চিলি সস, রেড চিলি সস দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাউমিন!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion