বর্ষার দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি, রইল রেসিপির হদিশ

Posted By:

বর্ষাকাল এলেই খিচুড়ি খাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়। আর সঙ্গে যদি থাকে বেগুনি ও ইলিশ মাছ ভাজা, তাহলে তো কথাই নেই! সাধারণত ডালে-চালে একেবারে পাতলা খিচুড়িই রান্না হয়। তবে এবার চেখে দেখুন একেবারে ঝরঝরে ভুনা খিচুড়ি (bhuna khichuri)। এটি বানাতে খাটনিও কম, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। জেনে নিন কী ভাবে বানাবেন ভুনা খিচুড়ি।

ভুনা খিচুড়ির উপকরণ
এক কাপ গোবিন্দভোগ চাল, এক কাপ ভাজা মুগ ডাল, ১ চা চামচ গ্রেট করা আদা, গোটা জিরা, গোটা গরম মশলা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, ২টো তেজপাতা, ২টো শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, পরিমাণমতো সাদা তেল ও ঘি, কাজুবাদাম ও কিশমিশ, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি।

Bhuna Khichuri Recipe

ভুনা খিচুড়ি বানানোর পদ্ধতি
চাল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াই গরম করে শুকনো কড়াইতে মুগ ডাল একটু ভেজে নিন। তারপর ভাজা মুগ ডালও ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন।

কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিন। ফোড়ন একটু নেড়েচেড়ে ভেজে নিন। এর পর চাল ও ডাল দিয়ে মিশিয়ে নিন ভাল ভাবে। এর মধ্যে আদা বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন কিছুক্ষণ। নুন, কাজুবাদাম, কিশমিশ দিয়ে আরও একটু ভেজে নিন।

এবার এর মধ্যে চার কাপ মতো গরম জল দিন। জল ফুটে উঠলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিন মিনিট দশেকের জন্য। এর পর ঢাকনা খুলে আলতো করে একটু নেড়েচেড়ে নিন। স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে নিন। এবার একদম লো ফ্লেমে আরও ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

কড়াইয়ের ঢাকা খুলে খিচুড়ির ওপর গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এই সময় আঁচ একেবারে নিভিয়ে দেবেন। এবার গরম গরম পরিবেশন করুন ভুনা খিচুড়ি।

[ of 5 - Users]
Story first published: Thursday, June 22, 2023, 18:57 [IST]
X
Desktop Bottom Promotion