একটু অন্য স্বাদের পরোটা খেতে চান? বানিয়ে ফেলুন বেসনের পরোটা!

Posted By:

পরোটা খেতে কে না ভালোবাসে! মোটামুটি সব বাঙালি পরিবারেই জলখাবারে প্রথম পছন্দ লুচি কিংবা পরোটা, সঙ্গে আলুর তরকারি। যুগ যুগ ধরেই যেন এই প্রথা চলে আসছে। লুচি বা পরোটা প্রতি বাঙালিদের আলাদাই আবেগ জড়িত।

রুটি, লুচি, পরোটা - এই তিনটির মধ্যে কিন্তু পরোটার বাহার সবচেয়ে বেশি। ভিতরে পুর ভরা নানা স্বাদের পরোটার সঙ্গে আচার বা তরকারি হলে আর কিচ্ছু লাগে না। প্লেন পরোটা ছাড়াও আলু পরোটা, ডিম পরোটা, পেঁয়াজ পরোটা, আরও কত রকমেরই পরোটাই না হয়। তবে কখনও বেসনের পরোটা খেয়েছেন কি? মিনিট পনেরো সময় দিলেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই পরোটা।

Besan Masala Paratha Recipe

বেসনের পরোটার উপকরণ

আধা কাপ বেসন, এক কাপ আটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ আমচুর পাউডার, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো তেল ও ঘি।

বেসনের পরোটা তৈরির পদ্ধতি

আটা, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আমচুর পাউডার, কাঁচা লঙ্কা কুচি, লবণ - একটি বড় পাত্রে এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। নরম মণ্ড তৈরি করুন। এর উপরে অল্প তেল ছড়িয়ে আরও একবার মণ্ডটা মেখে নিন। ১৫ মিনিট সাদা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন।

এবার আটার মণ্ড থেকে লেচি কেটে রুটির মতো বেলে নিন। তাওয়া গরম করে এক একটা রুটি সেঁকতে থাকুন। রুটির দুই পিঠে ঘি মাখিয়ে ভালো ভাবে উল্টেপাল্টে ভেজে নিন। উভয় পিঠ ঠিকমতো ভাজা হলেই তৈরি হয়ে যাবে বেসনের পরোটা। আচার কিংবা টক দইয়ের সঙ্গে দারুণ জমবে এই পরোটা। আপনি চাইলে তরকারির সঙ্গেও খেতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 25, 2023, 17:34 [IST]
X
Desktop Bottom Promotion