সুজি, গাজরের হালুয়া তো অনেক হল, এবার চেখে দেখুন বেসনের হালুয়া

Posted By:

মিষ্টি জাতীয় খাবারের মধ্যে হালুয়ার তুলনা নেই। চটজলদি তৈরিও করা যায়। রুটি, লুচি, পরোটা, সবকিছুর সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তবে হালুয়া বলতে সুজি, গাজরের নামই প্রথম মনে আসে। কিন্তু বেসনের হালুয়া খেয়েছেন কি? দেখে নিন কী ভাবে বানাবেন।

বেসন হালুয়ার উপকরণ
এক কাপ বেসন, ২ টেবিল চামচ সুজি, আধা কাপ গুড়, আধা কাপ দেশি ঘি, ২ টেবিল চামচ আমন্ড কুচানো, ২ টেবিল চামচ কাজুবাদাম (টুকরো করা), আধা কাপ দুধ, এলাচ গুঁড়ো।

Besan Halwa Recipe

বেসন হালুয়া তৈরির পদ্ধতি
সসপ্যানে দেড় কাপ জলের সঙ্গে আধা কাপ গুড় দিয়ে ফোটান। মাঝেমাঝে একটু নাড়াচাড়া করবেন। জল ফুটতে শুরু করলে এবং গুড় একেবারে গলে জলে মিশে গেলে আঁচ নিভিয়ে দিন।

কড়াইতে অল্প ঘি গরম করে আমন্ড ও কাজুবাদাম হালকা ভেজে নিন। একটা প্লেটে তুলে রাখুন বাদামগুলো। কড়াইতে এবার একটু বেশি করে ঘি দিন। ঘি গরম হলে বেসন আর সুজি দিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করুন। খানিকক্ষণ পর দেখবেন বেসনের রঙ সোনালী হয়ে এসেছে এবং সুন্দর গন্ধও ছাড়তে শুরু করেছে।

এবার এতে দুধ ঢেলে দিন। তবে একসঙ্গে পুরো দুধ দেবেন না। অল্প অল্প করে দুধ ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন। বেসন একেবারে শুকিয়ে এলে দিয়ে দিন গুড়ের সিরাপ। অবশ্যই ছেঁকে দেবেন। গুড়ের সিরাপও একসঙ্গে পুরোটা ঢেলে দেবেন না। অল্প অল্প ঢেলে নাড়তে থাকবেন।

হালুয়া একেবারে মসৃণ হয়ে এলে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, এলাচ গুঁড়ো এবং ঘি দিয়ে দিন। ভালো ভাবে মিশিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন বেসনের হালুয়া।

[ of 5 - Users]
Story first published: Monday, July 3, 2023, 17:35 [IST]
X
Desktop Bottom Promotion