সিজন চেঞ্জে নানা রোগভোগ থেকে বাঁচায় সজনে! রইল সজনে ফুলের স্পেশাল রেসিপি

Posted By:

চলছে সজনের সিজন। এখন প্রতিদিন বাঙালির ঘরে ঘরে আর পাঁচটা তরকারির সঙ্গে সজনের যে কোনও একটা পদ থাকেই। ডাঁটা, পাতা হোক বা ফুল, ভোজন রসিক বাঙালি সজনের বেলায় বাদ দেয় না কিছুই। তবে শুধু খেতে সুস্বাদু নয়, বরং মরসুম পরিবর্তনের সময় এই সব্জি নানা অসুখও প্রতিরোধ করে।

চিকিৎসকদের মতে, সজনেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যলশিয়াম ও পটাশিয়াম। অ্যান্টিঅক্সিড্যান্টও ভরপুর এই সব্জিতে। তাই আবহাওয়া পরিবর্তনের সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সজনের বিশেষ ভূমিকা রয়েছে। আজ আপনাদের জন্য রইল সজনে ফুলের এক সুস্বাদু রেসিপি।

Sojne Fuler Chorchori Recipe

সজনে ফুলের চচ্চড়ি তৈরির উপকরণ

সজনে ফুল পরিমাণমতো

২টো মাঝারি মাপের আলু টুকরো করে কাটা

১টা বড় সাইজের বেগুন টুকরো করে কাটা

আদা বাটা

কাঁচা লঙ্কা বাটা

ভাজা বড়ি

আধ চা চামচ কালো জিরে

স্বাদমতো নুন ও চিনি

হলুদ গুঁড়ো সামান্য

লাল লঙ্কা গুঁড়ো

সর্ষে তেল পরিমাণমতো

১ টেবিল চামচ সর্ষে বাটা

কয়েকটা কাঁচা লঙ্কা চেরা

সজনে ফুলের চচ্চড়ি তৈরির পদ্ধতি

১) সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিন। জল ঝরিয়ে রাখুন।

২) কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিন। দু'টো একটা শুকনো লঙ্কা ইচ্ছা করলে দিতে পারেন।

৩) একটু নাড়াচাড়া করে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। এর মধ্যে আলু, বেগুন দিয়ে ভালো করে ভেজে নিন।

৪) এ বার তাতে কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সজনে ফুল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।

৫) একটু পর চিনি আর সর্ষে বাটা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিন।

৬) মাখো মাখো হয়ে এলে ১ চামচ কাঁচা সর্ষে তেল ও বড়ি ভাজা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন কিছুক্ষণ। তারপর আঁচ নিভিয়ে দিন।

৭) গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের চচ্চড়ি।

[ of 5 - Users]
Story first published: Saturday, March 18, 2023, 17:27 [IST]
X
Desktop Bottom Promotion