Poila Baisakh Special Recipe: পয়লা বৈশাখে জমিয়ে খান মোচার কোপ্তা কারি, দেখুন রেসিপি

Posted By:

বাঙালির উৎসব মানেই জমিয়ে পেটপুজো। আজ পয়লা বৈশাখ। আর বছরের প্রথম দিনে জম্পেশ খাওয়াদাওয়া না হলে হয়! এ দিন বাঙালির ঘরে ঘরে বিশেষ খানাপিনার আয়োজন হয়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলে মিলে চলে জমিয়ে আড্ডা আর ভোজ পর্ব। এই পয়লা বৈশাখের মেনুতে রাখুন মোচার কোপ্তা কারি। দেখে নিন কী ভাবে বানাবেন।

Mochar Kofta Curry Recipe

মোচার কোপ্তা কারির উপকরণ - একটা মোচা, ২-৩টে মাঝারি মাপের আলু, বেসন পরিমাণমতো, স্বাদমতো নুন, ১চা চামচ হলুদ গুঁড়ো, ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণমতো পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, একটা টমেটো বাটা, পরিমাণমতো তেল, জিড়ে গুঁড়ো, ধনে গুঁড়ো, ১চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো।

মোচার কোপ্তা কারি বানানোর পদ্ধতি - মোচা কেটে নিয়ে সেদ্ধ করে নেবেন। আলুও সেদ্ধ করে নেবেন। এবার একটা বাটিতে সেদ্ধ মোচা, আলু সেদ্ধ, বেসন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখতে হবে। এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বলের আকারে গড়ে নিন।

কড়াইতে তেল গরম করুন। একে একে সবকটা কোপ্তা লাল করে ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিন। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজের রঙ পরিবর্তন হলে আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন।

একটু পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর অল্প জল দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিন। এর মাঝেই টম্যাটো বাটা দিয়ে দেবেন। মশলা কষিয়ে নেওয়ার পর পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন।

ঝোল ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিন। কম আঁচে কিছুক্ষণ ফোটান। গ্রেভি থকথকে হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মোচার কোপ্তা কারি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion