শিশুর দুধের বোতল জীবাণুমুক্ত করবেন কী ভাবে? রইল সহজ টিপস

সন্তানের যত্নের বিষয়ে প্রত্যের মা-বাবাই অত্যন্ত সচেতন থাকেন। তবু মাঝেমধ্যে নিজেদের অজান্তেই কিছু ভুল হয়ে যায়। যার মাশুল গুনতে হয় দুধের শিশুকে। চিকিৎসকদের মতে, শিশুকে যে বোতলে দুধ বা জল খাওয়ানো হয়, তা সঠিকভাবে জীবাণুমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।

অনেক সময় শিশুর দুধের বোতল সঠিকভাবে জীবাণুমুক্ত বা পরিষ্কার করা হয় না। ফলে শিশুর পেটের অসুখ এবং নানা শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে বোতলের নিপলে ধূলোবালি ও জীবাণু বেশি আটকে যায়। তাই বাচ্চার দুধের বোতল সঠিকভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

baby bottle cleaning tips

হাত পরিষ্কার রাখুন

বোতল পরিষ্কারের আগে আপনার দুই হাত সাবান এবং জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন। অপরিষ্কার হাতে শিশুর বোতল পরিষ্কার করলে হাতের জীবাণু বোতলে স্থানান্তরিত হবে।

বোতলের প্রতিটা অংশ আলাদা রাখুন

বোতলের প্রতিটা অংশ খুলে আলাদা করুন। তারপর বোতলের এক একটা অংশ আলাদা আলাদা করে স্টেরিলাইজ এবং পরিষ্কার করুন। একটি পরিষ্কার নরম ব্রাশ দিয়ে ঘষে ঘষে বোতলের প্রতিটা অংশ সাফ করতে পারেন।

সাবান ধুয়ে ফেলুন

বোতল পরিষ্কারের জন্য যে সাবান ব্যবহার করবেন, তা যেন কোনও ভাবেই বোতলের কোনও অংশে লেগে না থাকে বা সাবানের গন্ধও যেন না থেক বোতলে। তাই খুব ভাল ভাবে বোতলের প্রতিটা অংশ ধুয়ে ফেলুন।

জীবাণুমুক্ত করুন

একটি বড় সসপ্যানে পরিমাণমতো জল নিয়ে গ্যাসে বসান। তাতে বোতলের সমস্ত অংশ দিয়ে দিন। জল ফুটতে শুরু করলে, পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিন। আঁচ নিভিয়ে স্বাভাবিকভাবে জল ঠান্ডা হতে দিন। তারপর জল থেকে বোতলের অংশগুলো তুলে নিন। জীবাণুমুক্ত করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতেই হবে।

আপনি চাইলে ইলেকট্রিক স্টিম স্টেরিলাইজারও ব্যবহার করতে পারেন। বোতল জীবাণুমুক্ত করার পরে, একটি পরিষ্কার শুকনো তোয়ালের উপর বোতলের প্রতিটা অংশ রাখুন, যাতে হাওয়ায় ভাল ভাবে শুকিয়ে যায়।

ঘন ঘন বোতল পরিষ্কার করুন

প্রতি বার শিশুকে খাওয়ানোর পরপরই বোতল ভাল ভাবে ধুয়ে ফেলা উচিত। কারণ ক্ষতিকর অতিক্ষুদ্র জীবাণুগুলি বোতলের উপর জমা হয়। আপনার বাচ্চার দেহে এই ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রবেশের ফলে বমি এবং ডায়রিয়া হতে পারে। অতএব, বাচ্চাকে বোতলে করে কিছু খাওয়ানোর আগে এবং পরে অবশ্যই বোতল জীবাণুমুক্ত করা প্রয়োজন। সর্বদা হালকা গরম জলে বাচ্চার বোতল পরিষ্কার করা উচিত।

Story first published: Friday, September 22, 2023, 18:04 [IST]
X
Desktop Bottom Promotion