Earth Day 2022 : কেন পালিত হয় ধরিত্রী দিবস? জেনে নিন এর ইতিহাস ও তাৎপর্য

পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সর্বসমেত ধার্য করা একটি দিবসই হলো 'ধরিত্রী দিবস'। প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় 'ধরিত্রী দিবস' বা 'আর্থ ডে'। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই হল এই দিনটির মূল লক্ষ্য। বিশ্বব্যাপী জলবায়ু সংকট এবং পরিবেশের অবক্ষয় সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিন নানা কর্মসূচির আয়োজন করা হয়।

World Earth Day 2022

জানেন কি কবে থেকে এবং কী ভাবে এই দিবস উদযাপন শুরু হয়েছে? আসুন জেনে নেওয়া যাক ধরিত্রী দিবসের ইতিহাস ও গুরুত্ব -

ধরিত্রী দিবসের ইতিহাস

ধরিত্রী দিবসের ইতিহাস

১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথমবার পালিত হয়েছিল এই দিবস। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো-তে UNSEO সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাক কনেল পৃথিবী মায়ের সম্মানে একটা দিন উৎসর্গ করতে প্রস্তাব করেন। তবে ১৯৭০-এর ২১ মার্চ উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিনে এই দিনটি উদযাপিত হয়। পরবর্তী কালে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর গেলর্ড নেলসন ১৯৭০ সালের ২২ এপ্রিল 'আর্থ ডে'-এর প্রচলন করেন। কয়েক জন শিক্ষার্থীর সহায়তায় এ দিন আয়োজন করা হয় প্রথম ধরিত্রী দিবস। প্রায় ২ কোটি মানুষ দিনটি উদযাপন করেছিলেন। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমেরিকার প্রচুর মানুষ এ দিন রাস্তায় নেমেছিলেন। সেই থেকেই দিনটির সূত্রপাত। পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে ১৯৭০ সালের পর থেকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা হয় বিভিন্ন আইন। তবুও আজ পৃথিবী সঙ্কটের মুখে।

ধরিত্রী দিবস ২০২২-এর থিম

ধরিত্রী দিবস ২০২২-এর থিম

প্রতি বছরই ধরিত্রী দিবস উদযাপনের জন্য নির্দিষ্ট একটি থিম থাকে। এ বছরের থিম হল - 'Invest In Our Planet'। এ দিন বিভিন্ন ইভেন্ট, কর্মসূচি এবং মিছিলের আয়োজন করা হয়।

ধরিত্রী দিবস উদযাপনের কারণ

ধরিত্রী দিবস উদযাপনের কারণ

জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটি পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। তাই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে, পৃথিবীকে সুরক্ষিত ও বাসযোগ্য রাখতে বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হয়। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবেশ ও জলবায়ুর গুরুত্ব কতখানি, সে সম্পর্কে জনসাধারণকে বার্তা দেওয়া হয়।

X
Desktop Bottom Promotion