Valentine's Day: সামনেই প্রেম দিবস! ভ্যালেন্টাইন্স ডে-র রক্তাক্ত ইতিহাস জানেন?

By Bhagysree Sarkar

Valentine's Day: বসন্ত আগমনের আগেই চলে আসে ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। ভালোবাসা উদ্যাপন করার জন্য বিশেষ একটি দিন। বিশ্বজুড়ে এই সময়ে প্রেমের উদযাপনে মেতে ওঠেন বহু মানুষ। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকেই যেন চলতে থাকে সপ্তাহব্যাপী উৎসব। বলা চলে, এটি ভালোবাসার বিশেষ দিনটির প্রস্তুতি পর্ব।

প্রথম দিন গোলাপ দিয়ে, পরের দিন প্রেমের প্রস্তাব, তৃতীয় দিন চকোলেট দিয়ে, চতুর্থ দিন টেডি, পঞ্চম দিন পাশে থাকার অঙ্গীকার করে, ষষ্ঠ দিন একে অপরকে জড়িয়ে, শেষ দিন চুম্বন দিয়ে এবং শেষমেশ বহু প্রতীক্ষিত 'ভ্যালেন্টাইন্স ডে' দিয়ে শেষ হয় এই উৎসব। কিন্তু ১৪ই ফেব্রুয়ারিই কেন প্রেম দিবস? প্রেমের সঙ্গে এই দিনের সম্পর্কই বা কী? জানেন কী?

valentines day

ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে রক্তাক্ত এক ইতিহাস (History of Valentine's Day) বহন করছে এই বিশেষ দিন। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে 'ভ্যালেন্টাইনস ডে' হিসাবে ঘোষণা করেছিলেন। ইতিহাসের পাতা ঘাঁটলেই জানা যায়, সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের গাথা।

২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বসবাস করতেন। রোমের বাসিন্দা, খ্রিষ্টধর্মের যাজক ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা স্মরণ করেই উদ্‌যাপিত হয়েছিল এই দিনটি।

সেই সময় রোমতে নিষিদ্ধ ছিল খ্রিস্ট ধর্মের প্রচার। তবে খ্রিষ্টধর্ম প্রচারের জন্য রোমের তৎকালীন সম্রাট দ্বিতীয়ত ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে (Saint Valentine) কারাগারে বন্দি করার আদেশ দেন। সেখানে আটক থাকাকালীন দৃষ্টিহীন এক মহিলার চিকিৎসা করে চোখের দৃষ্টি ফিরিয়ে দেন তিনি। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে তাঁর জয়গান। ভ্যালেন্টাইনের এই জনপ্রিয়তায় রাজা ক্লডিয়াস ক্রোধে ফেটে পড়েন এবং তাঁকে নিশ্চিহ্ন করতে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। সেই সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণেই আজ বিশ্বজুড়ে পালিত হয় 'ভ্যালেন্টাইনস ডে'। তবে এই উদযাপনের শুরু ইউরোপ থেকে।

রোমে লুপারকেলিয়া নামক এক আঞ্চলিক উৎসবের প্রচলন ছিল। যা ফেব্রুয়ারি মাসের ১৪-১৫ তারিখ নাগাদ অনুষ্ঠিত হত। এই অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বক্স থেকে কোনও ছেলে বা মেয়েকে একটি নাম লেখা কাগজ তোলার নিয়ম ছিল ৷ যা থেকে একে অপরের সঙ্গে পরিচিত হতেন ছেলে-মেয়েরা। এমনকি তারা বিয়েও করতেন ৷ কালক্রমে এই উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ মিলেমিশে আজকের ভ্যালেন্টাইনস ডে'র রূপ নেয়।


ভালোবাসার রং যে হেতু লাল, তাই ওই দিনটিতে লাল রঙের পোশাক, লাল গোলাপ, লাল বেলুন হাতে শহরের বিভিন্ন জায়গায় যুগলদের ভিড়ও জমবে। ঘোরা-বেড়ানো, খাওয়াদাওয়া একেবারে জমজমাটি ব্যাপার। কিন্তু কয়েক দশক আগে পর্যন্ত বাঙালির প্রেম দিবস মানে ছিল সরস্বতী পুজো।

Story first published: Thursday, January 30, 2025, 14:04 [IST]
X
Desktop Bottom Promotion