বিরল মহাজাগতিক দৃশ্য! আকাশে জ্বলজ্বল করবে 'স্ট্রবেরি মুন', কীভাবে দেখবেন জানুন

By Bhagysree Sarkar

রাতে চাঁদ দেখতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। অমাবস্যার রাত বাদ দিলে প্রতিদিনই প্রায় নজরে পড়ে চাঁদ। কিন্তু আজ আকাশে দেখা যাবে চাঁদের এক অদ্ভুত রূপ, একদম অন্য রঙের। অর্থাৎ আজ সকলে দেখতে পাবেন স্ট্রবেরি মুন। চাঁদের এই বিরল রূপ দেখা যেতে মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সন্ধ্যে হতেই আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুনকে। যারা এই বিরল মুহুর্ত নিজের চোখে দেখতে চান, তাঁদের জন্য এক দারুণ মুহুর্ত হতে চলেছে আজ। যা খালি চোখেই দেখা যাবে।

মূলত, আজ ফুল মুন বা পূর্ণ চাঁদ দেখতে পাওয়ার কথা। সেই পূর্ণিমা রাতের আকাশে মুগ্ধ করবে স্ট্রবেরি মুন। NASA-র রিপোর্ট অনুযায়ী, স্ট্রবেরি চাঁদ তিনদিনের জন্য পূর্ণ দেখতে পাওয়া যাবে। ফলে এটি পর্যবেক্ষণ করার জন্য প্রচুর সময় থাকবে। এই সময় চাঁদকে স্বাভাবিকের চেয়ে আরও বড়, রঙিন এবং সম্ভবত উজ্জ্বল দেখাবে। ভারতে আজ অর্থাৎ ২১ শে জুন সন্ধ্যা ৭টা ০৮ মিনিট থেকে স্ট্রবেরি চাঁদ দেখা যাবে।

কেন এমন আজব নামকরণ?

সাধারণত, জুন মাসে যে পূর্ণিমা থাকে তা 'স্ট্রবেরি মুন' নামে পরিচিত। চলতি বছরে ২১ শে জুন এই চাঁদ দেখা যাবে। তবে আপনি যদি ভেবে থাকেন চাঁদকে আপনি স্ট্রবেরির আকারে দেখতে পাবেন, তাহলে একেবারেই ভুল ভাবছেন। এই নামটি আসলে উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নেটিভ আমেরিকান উপজাতি থেকে এসেছে। এই সময়ে ফুল ফোটে এবং ফল পাকে। তাই সেখানকার অ্যালগনকুইন, ওজিবওয়ে, ডাকোটা এবং লাকোটা সহ বেশ কিছু উপজাতিরা জুন মাসে পাকা স্ট্রবেরি কাটতেন। তাঁদের নিজস্ব ভাষায় জুন মাসের পূর্ণিমার চাঁদকে যে নামে ডাকতেন, তার ইংরেজি অনুবাদ 'স্ট্রবেরি মুন'। চাঁদের রঙের সাথে নামের কোনো সম্পর্ক নেই। এই সময়ে চাঁদ প্রায়ই লালচে দেখায় কারণ এটি দিগন্তের কাছাকাছি আসে এবং এর আলো বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তরের মধ্য দিয়ে যায়। কিন্তু এই প্রভাব 'স্ট্রবেরি মুন' নামের সাথে সম্পর্কিত নয়।


স্ট্রবেরি চাঁদ দেখার কিছু টিপস

যারা ২১ শে জুন স্ট্রবেরি চাঁদের সাক্ষী হতে আগ্রহী তাদের জন্য, শহরের আলো এবং দূষণ থেকে দূরে একটি গ্রামীণ এলাকা বা খোলা মাঠের মতো একটি জায়গা খুঁজে নেওয়া ভালো। কারণ, এটি আকাশের একটি পরিষ্কার দৃশ্য দেখতে সাহায্য করবে। একটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে চাঁদের সৌন্দর্য ক্যামেরাবন্দি করুন। এছাড়া আপনি একটি আরামদায়ক জায়গায় বসে এই অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করতে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে পারেন।

Story first published: Friday, June 21, 2024, 14:25 [IST]
X
Desktop Bottom Promotion