জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ : কেন পালন করা হয় এই দিন? জেনে নিন এই দিবসের ইতিহাস ও তাৎপর্য

প্রতি বছর ২৪ জানুয়ারি ভারতে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। ভারতে কন্যা শিশুদের সমর্থন এবং বিভিন্ন সুযোগ প্রদানের উদ্দেশ্যে এই দিনটি উদযাপিত হয়। এই বিশেষ দিনটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে পালিত হয়। এই জাতীয় কন্যা শিশু দিবসে আমরা আপনাদের এই বিশেষ দিনটি সম্পর্কে কিছু অজানা তথ্য জানাব।

National Girl Child Day 2021: History And Significance Of This Day

ইতিহাস

২০০৮ সালে, ভারত সরকার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ শুরু করে। সমাজে মেয়েরা প্রতিমুহূর্তে যে লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এটি শুরু করা হয়েছিল।

ডঃ মনমোহন সিং সরকারের অধীনে তখন মন্ত্রীর নেতৃত্বে ছিলেন রেণুকা চৌধুরী। বেশ কয়েক বছর ধরে, ভারত সরকার মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই কারণে কন্যা শিশুদের জীবনযাত্রার উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি উদ্যোগ হল 'বেটি বাঁচাও বেটি পড়াও', পশ্চিমবঙ্গ সরকারের 'কন্যাশ্রী' এবং আরও অন্যান্য।

আরও পড়ুন : জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ : কন্যা সন্তান বাঁচান, সবার কাছে পৌঁছে দিন এই বার্তাগুলি

তাৎপর্য

১) ভারতীয় সমাজে ক্রমবর্ধমান কন্যা ভ্রূণহত্যা ও শিশু হত্যার কারণে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন শুরু হয়েছিল।

২) কন্যা ভ্রূণহত্যা নিয়ন্ত্রণে আনতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৩) যাদের শিশু কন্যা আছে তাদের সরকার আর্থিক সহায়তা করছে এবং মেয়েদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করার কথাও ঘোষণা করেছে।

৪) এই দিবসটি পালনের অন্যতম প্রধান লক্ষ্য হল, কন্যা শিশুদের অধিকার এবং তাদের শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো।

৫) এই দিনটির আরেকটি লক্ষ্য হল, ভারতীয় সমাজে মেয়ে শিশুদের প্রতি অবিচারকে তুলে ধরা এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষার প্রচার করা।

৬) যেহেতু মেয়েরা প্রায়ই ভ্রূণহত্যা, শিশু হত্যা বা যৌন নির্যাতনের মতো সমস্যার মধ্য দিয়ে যায়, তাই এই দিনটিতে মেয়েদের সুরক্ষা এবং তাদের অবস্থার উন্নতির দিকে আরও বেশি করে ফোকাস করা হয়।

৭) কন্যা সন্তানের পক্ষে নেওয়া একাধিক উদ্যোগের কারণে, দেশে ধীরে ধীরে নারীশিক্ষা ও মেয়েদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

X
Desktop Bottom Promotion