Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lata Mangeshkar : 'সুর' হারাল ভারত, স্তব্ধ হল কোকিলকণ্ঠ, ফিরে দেখা কিংবদন্তি গায়িকার জীবন
সরস্বতী পুজোর আবহেই চলে গেলেন 'সুরের সরস্বতী' লতা মঙ্গেশকর। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকে বিহ্বল সংগীত মহল থেকে শুরু করে গোটা দেশবাসী। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানুয়ারির শুরুতেই কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। করোনা থেকে সেরে উঠলেও, বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।
৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন 'ভারতের কোকিলকন্ঠী'। রবিবার সকাল ৮টা বেজে ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রখ্যাত সঙ্গীতশিল্পীর প্রয়াণে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পশ্চিমবঙ্গ সরকারও সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। কয়েক দশক ধরে দেশকে সঙ্গীত উপহার দিয়েছেন ভারতের 'নাইটিঙ্গেল'। আসুন জেনে নেওয়া যাক, এই কিংবদন্তি গায়িকার সম্পর্কে অবাক করা কয়েকটি তথ্য -

১) ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর-এ এক মরাঠি পরিবারে জন্ম নেন লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, নাট্য অভিনেতা ও গায়ক ছিলেন। মা শিবন্তী। পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন লতা।
২) লতা মঙ্গেশকরের নাম কিন্তু ছিল হেমা। পরবর্তীকালে বাবা দীননাথ মঙ্গেশকরের 'ভাওবন্ধন' নাটকের লতিকা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর নাম রাখা হয় লতা। যে নাম পরে কিংবদন্তি হয়ে ওঠে।
৩) পন্ডিত দীননাথ মঙ্গেশকর অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশ ছিল। বাবার হাত ধরেই মাত্র পাঁচ বছর বয়স থেকে গান শিখতে শুরু করেন লতা। পাঁচ বছর বয়সে বাবার নাটকে অভিনয়ও করেছিলেন। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান।
৪) বাবার নাটক লেখা, অভিনয়, বাড়িতে গানের ক্লাস, লোকজন - এই সব দেখতে দেখতেই বড় হয়েছেন লতা। বাবার নট্টকোম্পানি বন্ধ হয়ে যাওয়ায়, তাঁরা চলে আসেন পুণেতে।
৫) বাবা দীননাথ মঙ্গেশকর ছাড়াও লতা মঙ্গেশকর গানের তালিম নিয়েছিলেন আমানত খান, আমান আলী খানের মতো কিংবদন্তির কাছে।
৬) ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া, একটি মরাঠি ছবিতে। ১৯৪২ সালে মরাঠি ছবি 'কিতী হসাল'-এ প্রথম গান রেকর্ড করেন তিনি। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সিনেমাটি রিলিজ হলেও গানটি বাদ গিয়েছিল।
৭) ১৯৪২ সালে বাবার মৃত্যুর পর পরিবারে নেমে আসে আর্থিক সংকট। পুরো পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে। সেই সময় কিছুটা অর্থের প্রয়োজনেই প্রায় ছ'বছর অভিনয় করেছিলেন লতা। প্রায় আটটি সিনেমায় অভিনয় করেন। কিন্তু অভিনয়ের কেরিয়ার সে রকম এগোয়নি।
৮) মাত্র ১৩ বছর বয়সে প্রথম রোজগার। তারপর আর ছুটি মেলেনি। ওই বয়সেই সিনেমায় অভিনয় ও গান করা শুরু করেন তিনি। লতাজির প্রথম উপার্জন ছিল ২৫ টাকা। প্রথম বার মঞ্চে গাওয়ার জন্য ২৫ টাকা পান।
৯) লতা মঙ্গেশকরের জীবনেও ব্যর্থতা এসেছিল। তাও আবার কেরিয়ারের শুরুতেই। মুম্বইয়ের বিখ্যাত প্রযোজক শশধর মুখোপাধ্যায় তাঁর গলার স্বর শুনে বলেছিলেন, 'বড্ড সরু গলা'। কিন্তু এরপরেও তিনি হাল ছাড়েননি।
১০) ১৯৪৮ সালে 'মজবুর' ছবিতে গান রেকর্ড করেন লতা। এই প্রথম তিনি হিন্দি ছবিতে গেয়েছিলেন। ১৯৪৯ সালে 'মহল' সিনেমার সুপারহিট 'আয়েগা অনেওয়ালা' গানের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। শুরুর দিকে তাঁর গাওয়ার ধরনে নূর জাহানের ছাপ খুঁজে পেয়েছিলেন অনেকে, তবে তিনি দ্রুত তা কাটিয়ে উঠে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন।
১১) অনিল বিশ্বাস, শঙ্কর-জয়কিষণ, শচীন দেব বর্মণ, নৌশাদ আলি, সি রামচন্দ্র, হেমন্ত মুখোপাধ্যায়, মদনমোহন, কল্যাণজি-আনন্দজি, সলিল চৌধুরী, লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, আর ডি বর্মণ-এর মতো সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়াও, তিনি কাজ করেছেন আনন্দ-মিলিন্দ, যতীন-ললিত, অনু মালিক, এ আর রহমানের মতো সুরকারের সঙ্গে।
১২) ১৯৬০ সালে মুঘল-এ-আজম সিনেমায় মধুবালার লিপে লতাজির গাওয়া 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া' নয়া ইতিহাস তৈরি করে।
১৩) ১৯৬২ সালে লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শোনা যায়, লতাকে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। প্রায় তিন মাস অসুস্থ ছিলেন তিনি।
১৪) রোম্যান্টিক গান ছাড়াও তিনি দেশাত্মবোধক গানও গেয়েছেন। তাঁর গাওয়া আইকনিক গান 'অ্যায় মেরে ওয়াতেন কে লোগো' আজও দেশবাসীর চোখে জল এনে দেয়। তাঁর এই গান শুনে কেঁদেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বয়ং।
১৫) শুধু হিন্দি নয়, হিন্দি ছাড়াও আরও পঁয়ত্রিশটা ভাষায় গান গেয়েছেন লতাজি। ৩০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। বয়সজনিত অসুস্থতা উপেক্ষা করেই প্লে-ব্যাক করেছেন, বিভিন্ন কনসার্টে গান গেয়ে গিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি বেশ কিছু ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন লতা।
১৬) ২০১২ সালে নিজের সংস্থা থেকে প্রকাশ করেন ভজনের অ্যালবাম, যেখানে তাঁর সঙ্গে গেয়েছেন বোন উষা মঙ্গেশকর। লতাজির গাওয়া বাংলা গানের সংখ্যা দু'শোর কাছাকাছি। তাঁকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।
১৭) জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর। তিনটি জাতীয় পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ১৯৮৯ সালে তাঁকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়া হয়। ২০০১ সালে 'ভারতরত্ন'-এ ভূষিত হন তিনি। এছাড়াও, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, এনটিআর জাতীয় পুরস্কার, এএনআর জাতীয় পুরস্কারও আছে তাঁর ঝুলিতে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লেজিয়ঁ দ্য'নর প্রদান করা হয় তাঁকে।
১৮) ১৯৯৯ সাল থেকে ছয় বছর তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সাংসদ হিসেবে তিনি সরকারের থেকে কোনও বাড়তি সুবিধাই নেননি। এক সাক্ষাৎকারে সুর-সম্রাজ্ঞী জানিয়েছিলেন, রাজনীতি নিয়ে সেভাবে তিনি কোনওদিন আগ্রহী ছিলেন না। ছয় বছর রাজ্যসভার সাংসদ ছিলেন, কিন্তু সংসদে একটা শব্দও বলেননি।
১৯) ১৯৫৮ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ 'আজা রে পরদেশি' গানের জন্য সেরা গায়িকার পুরস্কার দেওয়া হয়েছিল লতা মঙ্গেশকর-কে। কিন্তু নগ্ন নারীর ধাঁচে বানানো সেই পুরস্কার তিনি গ্রহণ করতে চাননি। কর্তৃপক্ষ পরে কাপড় জড়িয়ে সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেন।
২০) তিনিই প্রথম ভারতীয় শিল্পী, যিনি রয়্যাল অ্যালবার্ট হলে কনসার্ট করেছিলেন। দীর্ঘ সময় ধরে গিনেস বুক অব রেকর্ডসে লতা মঙ্গেশকর ছিলেন সর্বোচ্চ স্থানে।



Click it and Unblock the Notifications

