International Women's Day: আন্তর্জাতিক নারী দিবসের সূচনা কীভাবে? জানেন কি, এর নেপথ্যে কারা ছিলেন?

By Bhagysree Sarkar

International Women's Day: প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) পালিত হয়। এই বিশেষ দিনটি নারী দিবস নামেও পরিচিত। আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ভিন্ন ভিন্ন থিম নিয়ে পালিত হয়। বিশ্বজুড়ে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। এদিন বিশ্বব্যাপী ছুটির দিনও। এদিন নারীর ক্ষমতায়ন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা হয়। কিন্তু কীভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস পালন, তা কি জানেন?

আন্তর্জাতিক নারী দিবসকে সংক্ষেপে আইডব্লিউডি বলা হয়ে থাকে। প্রায় এক শতাব্দী আগে শ্রমিক আন্দোলন থেকেই উদ্ভূত হয় নারী দিবসের ধারণা। পরবর্তীতে দিনটি জাতিসংঘের স্বীকৃত পায়। এরপর প্রতিবছর বিশ্বব্যাপী এই বিশেষ দিনটি উদযাপিত হতে থাকে। আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস পালন করার কথা জানায়। থেরেসা মালকিয়েল এই দিন বস্ত্র ব্যবসায়ীদের কথা স্মরণ করতেই এই বিশেষ দিন পালনের কথা বলেন। এরপরেই আমেরিকানদের থেকে উৎসাহিত হয়ে জার্মান সরকারের তরফ থেকে একটি দিন নারী দিবস হিসেবে পালনের কথা বলা হয়। যদিও এজন্য কোনও তারিখ ঠিক করা হয়নি তখনও।

International Women s Day

ছবি সৌজন্য- pexels

এরপর ডেনমার্কের কোপেনহেগেন শহরের দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্ৰেসেনারী অধিকার বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী ক্লারা জেটকিন একটি আন্তর্জাতিক নারী দিবস পালনের কথা উল্লেখ করেন। সেখানে উপস্থিত ১৭ জন মহিলা সদস্য তাঁকে সমর্থন জানায়। তাঁদের মধ্যে ফিনল্যান্ডের প্রথম তিন সংসদীয় সদস্যও ছিলেন বলে জানা যায়। এরপর মার্চে এই দিনটির প্রাথমিক অনুষ্ঠান করা হয়। পরে ১৯১৩ সালে ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

রাষ্ট্রসংঘের এবারের থিম 'অ্যাক্সিলারেট অ্যাকশন' (Accelerate action)। তবে প্রথম থিম ছিল 'অতীতের উদযাপন ও ভবিষ্যতের প্রস্তুতি'। এই থিমটি ১৯৭৫ সালে রাষ্ট্রসংঘেই প্রথম উদযাপিত হয়। এরপর ১৯৭৭ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালন করা হয়। তবে এখানেও রয়েছে একটি তর্ক। আন্তর্জাতিক নারী দিবসের ধারণাটি যখন ক্লারা উত্থাপন করেন, তখন তিনি নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করেননি।

এরপর ১৯১৭ সালের রুশ বিপ্লবের আগে পর্যন্ত দিনটি আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা যায়নি বলে জানা যায়। তবে সেবছরই রুশ নারীরা 'রুটি এবং শান্তি'-এর দাবিতে তৎকালীন জারের (রাশিয়ার সম্রাট) বিরুদ্ধে ধর্মঘট শুরু করেন। এর ৪ দিনের মাথায় গদি ছাড়তে বাধ্য হয়েছিল জার এবং জারের গদিতে বসা অস্থায়ী সরকার তখন নারীদের আনুষ্ঠানিক ভোটাধিকার দিয়েছিলেন।

জানা যায়, সেই সময়ে রাশিয়ায় প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, নারীদের ধর্মঘট শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি, রবিবার। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই দিনটি ছিল ৮ মার্চ। পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Story first published: Friday, March 7, 2025, 11:26 [IST]
X
Desktop Bottom Promotion