International Women's Day 2022: গৃহিণী থেকে বিজ্ঞানী, সমাজে নারীর বহুমুখী প্রতিভাকে সম্মান জানাল Google Doodle

বছরের প্রতিটি গুরুত্বপূর্ণ দিনই বিশেষভাবে উদযাপন করে থাকে গুগল। গুগলের তরফে বিশেষ ডুডল প্রস্তুত করে বিশেষ দিনগুলি আলাদা করে চিহ্নিত করা হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসেও তার ব্যতিক্রম হয়নি। নারী দিবস উপলক্ষ্যে তৈরি বিশেষ Google Doodle ইতিমধ্যেই নজরে পড়েছে সকলের।

আজ, ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। আর সেই উপলক্ষেই সেজে উঠেছে গুগল ডুডল। ডুডলের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজে নারীর বিভিন্ন ভূমিকা এবং অবদানকে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের সম্মান জানাচ্ছে ডুডল।

Google Doodle Celebrates International Womens day 2022 with animated illustration

গুগলে আজ ঢুঁ মারলে প্রথমেই চোখে পড়বে বিভিন্ন বেশে মহিলাদের মুখ। সেখানে ক্লিক করলেই চালু হবে একটি অ্যানিমেশন ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে কখনও মায়ের ভূমিকায় নারী, কখনও শিল্পী নারী, ঘর সামলানো নারী, কখনও ল্যাবে গবেষকের ভূমিকায়, কখনও আলোকচিত্রী নারী, কখনও আবার চাকুরিজীবী। অর্থাৎ এককথায় বলতে গেলে নারীরা পারে না এমন কোনও কাজ নেই। সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারী অনন্যা। সেই বার্তাই তুলে ধরা হয়েছে গুগল ডুডলের মাধ্যমে।

আজকের ডুডলটি চিত্রিত করেছেন গুগল ডুডল আর্ট ডিরেক্টর Thoka Maer। গুগল ডুডলের পেজটিতে লেখা হয়েছে, 'আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজ ও সংস্কৃতি তুলে ধরেছে ডুডল। নারী কখনও একজন মা এবং চাকুরিজীবী, আবার কখনও মোটরসাইকেল মেকানিকের ভূমিকাতেও অবতীর্ণ হন। নারীরা কীভাবে ঘর ও বাহির একসঙ্গে সামলে বহির্বিশ্বেও অপরিহার্য হয়ে ওঠেন, এই ইলাস্ট্রেশনে সেটাই বলা হয়েছে।'

X
Desktop Bottom Promotion