সমলিঙ্গের বিবাহ 'শহুরে অভিজাত ধারণা', সুপ্রিম কোর্টে সমকামী বিয়ের বিরোধিতা কেন্দ্রের

ভারতে সমকামী বিবাহে (Same Sex Marriage) আইনি স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে একগুচ্ছ আবেদনপত্র জমা পড়েছে সুপ্রিম কোর্টে। ১৮ এপ্রিল, মঙ্গলবার সমলিঙ্গের বিয়ে (Same Sex Marriage) নিয়ে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হবে - প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি হিমা কোহলি।

তবে দেশের শীর্ষ আদালতকে এই বিষয়ে সমস্ত মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সমলিঙ্গের বিবাহ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে বলা হয়েছে, সমলিঙ্গের বিয়ে ভারতীয় পারিবারিক সংস্কৃতির সঙ্গে কখনই সামঞ্জস্যপূর্ণ নয়।

Centre opposes same sex marriage in supreme court

সমলিঙ্গে বিবাহ (Same Sex Marriage) হল 'শহুরে অভিজাত ধারণা'। এই আবেদনগুলির সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে সমাজে। সমকামী বিবাহের মামলায় সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে আরও বলা হয়েছে, ভারতের একটি বিশাল জনসংখ্যা ছোটো শহর এবং গ্রামে বসবাস করে। এই ধরনের বিবাহকে আইনি মর্যাদা দিলে সবার উপরেই প্রভাব পড়বে। তাই, সব দিক বিবেচনা করে আইন প্রণয়ন করা সংসদের কাজ। সুপ্রিম কোর্টের এটা করা উচিত নয়।

কেন্দ্রীয় সরকার বলেছে, সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকা উচিত। বৈধ বিবাহ বলতে শুধুমাত্র একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যেই প্রযোজ্য। সমলিঙ্গের বিবাহ আইনসম্মত হলে, সাধারণ বিবাহ আইনের শর্ত লঙ্ঘিত হবে। বিবাহের সামাজিক, সাংস্কৃতিক এবং আইনগত ধারণা পুরোটাই বিঘ্নিত হবে।

সমকামীতা নিয়ে ঐতিহাসিক রায়

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামীতা নিয়ে যুগান্তকারী রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। ভারতে সমকামী সম্পর্ক অপরাধ নয়, যে কোনও সাধারণ নাগরিকের মতোই LGBTQ-এরও মৌলিক অধিকার রয়েছে, এমনটাই ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। এই রায়ের পর সমাজে সমপ্রেমীদের গ্রহণযোগ্যতাও অনেকটাই বেড়েছে বলে মনে করা হয়। ২০১৮ সালের ওই রায়ের পরই ভারতে সমলিঙ্গের বিবাহের আইনি স্বীকৃতি পাওয়ার দাবি আরও জোরালো হয়।

Story first published: Monday, April 17, 2023, 21:19 [IST]
X
Desktop Bottom Promotion