Destination Wedding: কলকাতার কাছাকাছি ডেস্টিনেশন ওয়েডিং করতে চান? রইল ৫ জায়গার হদিশ

বিয়ে নিয়ে প্রত্যেকেরই নানারকম স্বপ্ন থাকে। জীবনের এই বিশেষ দিনটিকে কী ভাবে স্মরণীয় করে রাখা যায়, তা নিয়ে সকলেই নানান পরিকল্পনা করেন। পোশাক-আশাক, সাজগোজ, ওয়েডিং ভেন্যু, খাওয়াদাওয়া, সবকিছুই একেবারে পারফেক্ট চান সকলে।

ইদানিং বিয়ের পরিকল্পনায় জুড়েছে একটি নতুন শব্দ - ডেস্টিনেশন ওয়েডিং। নিমন্ত্রিতদের তালিকা থেকে কিছুটা কাটছাট করে নিজের পছন্দ মতো জায়গায় বিয়ের আসর বসানোর দিকে অনেকেরই এখন নজর।

আজ আপনাদের জন্য রইল কলকাতার আশেপাশেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সেরা ৫টি জায়গার সন্ধান। আপনার বিবাহ অভিযানকে আরও সুন্দর ও মোহময় করে তুলতে বেছে নিতেই পারেন এর মধ্যে যে কোনও একটি জায়গা।

Destination Wedding Places Near Kolkata

ফরচুন পার্ক পঞ্চবটি
কলকাতার একেবারে কাছাকাছি ডেস্টিনেশন ওয়েডিং করতে চাইলে এই রিসর্ট হতে পারে সবচেয়ে উপযুক্ত। কলকাতা থেকে মাত্র ৪০ মিনিট দূরত্বে অবস্থিত শহরের অন্যতম জনপ্রিয় রিসর্ট ফরচুন পার্ক পঞ্চবটি। এর পাশেই রয়েছে গোলাবাড়ি ঘাট এবং কালী মন্দির। সুইমিং পুল, স্পা, বলরুমের মতো অনেক সুবিধাই পেয়ে যাবেন এই রিসর্টে। এমনকী ক্যাম্প ফায়ারেরও আয়োজন করা হয়।

বৈদিক ভিলেজ
কলকাতা শহর লাগোয়া রাজারহাটের শিখরপুরে অবস্থিত এই বিলাসবহুল রিসর্ট। হোটেল ঘর, ব্যাঙ্কোয়েট, বাংলো, জমিদারি ভিলা, মাড হাউজ, সুইমিং পুল সব কিছুই পেয়ে যাবেন আপনি এখানে। সেই সঙ্গে পাবেন সবুজে ঘেরা পরিবেশ। গাছ-গাছালি ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে বিয়ের অনুষ্ঠান সারতে পারেন আপনিও। খরচ খানিকটা বেশি হলেও, এখানকার ডেস্টিনেশন ওয়েডিং আপনার বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখবে।

বাওয়ালি রাজবাড়ি
রাজকীয় কায়দায় বিয়ে করার ইচ্ছে অনেকেরই থাকে। এ ক্ষেত্রে বাওয়ালি রাজবাড়ি হতে পারে আপনার বিয়ের জন্য আদর্শ জায়গা। কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা দূরত্বে নোদাখালিতে অবস্থিত এই রাজপ্রাসাদ। বাওয়ালি রাজবাড়ির বয়স আজ প্রায় ৩০০ বছর। জানা যায়, এই রাজবাড়ি তৈরি হয়েছিল মণ্ডল পরিবারের হাতে।

রাজবাড়ির প্রতিটি ঘর, বড় বড় সিঁড়ি, কারুকাজ করা থাম, দীর্ঘ উঠোন, বারান্দা এক লহমায় আপনাকে নিয়ে যাবে প্রাচীন বাংলায়। এখানেই গাঁটছড়া বেঁধেছেন টলিউড জুটি রাজ-শুভশ্রী।

নিরালা রিসর্ট
হাওড়ার দেউলটিতে রয়েছে সবুজে মোড়া এই রিসর্ট। কলকাতা থেকে প্রায় ঘণ্টা দুয়েক সময় লাগবে। এর খুব কাছেই রয়েছে শরৎচন্দ্রের বাড়ি। কেউ যদি প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে বিয়ে করতে চান, তা হলে অনায়াসেই দখল করে নিতে পারেন নিরালা রিসর্ট।

রায়চক ফোর্ট
ডায়মন্ড হারবারের রায়চকে অবস্থিত এই রিসর্ট ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে বেশ জনপ্রিয়। গঙ্গার ধারে সুন্দর মনোরম আবহাওয়ায় জীবনের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চাইলে বেছে নিতেই পারেন রায়চকের এই দুর্গকে। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় ৫৩ কিমি। সবুজে ঘেরা গঙ্গার ধারের এই রিসর্ট। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। রিসর্টের মধ্যেই রয়েছে গলফ, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস কোর্ট।

X
Desktop Bottom Promotion