বর্ষায় নুন, চিনি গলে যাচ্ছে? এই ৪ টিপস মেনে চললেই ভাল থাকবে দীর্ঘ দিন!

রান্নায় স্বাদ আনতে নুন, চিনির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু কম বা বেশি হলেই সেই খাবার মুখে তোলা দায় হয়ে পড়ে। তবে এখন অনেকেই সুস্থ থাকতে নুন, চিনি খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। কিন্তু তাই বলে সেগুলির যত্ন নেবেন না, তা তো হতে পারে না।

বর্ষাকালে নুন, চিনির বাড়তি যত্নের প্রয়োজন। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে চিনি, নুন গলে যায়। দলা পাকিয়ে থাকে। ঠিক করে না রাখলে অল্প দিনেই নষ্ট হয়ে যায় এগুলি। দেখে নিন বর্ষায় নুন, চিনি সুরক্ষিত রাখার কিছু টিপস।

Tips to store salt and sugar during monsoon

এয়ারটাইট পাত্রে রাখুন

নুন এবং চিনি উভয়ই পরিষ্কার, শুকনো এয়ারটাইট পাত্রে ভরে রাখুন। পাত্রের ঢাকনা ভালো ভাবে লাগাবেন, যাতে বাতাস ঢুকতে না পারে। কারণ নুন, চিনি হাওয়ার সংস্পর্শে এলেই দলা পাকিয়ে যায়। গলতে শুরু করে। তাই এমন কৌটোয় এগুলি রাখা জরুরি যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না।

ভেজা জায়গায় রাখবেন না

রান্নাঘর বা প্যান্ট্রির এমন জায়গায় নুন, চিনির কৌটো রাখুন, যে স্থানটি একেবারে শুকনো। গ্যাস, বেসিন কিংবা ফ্রিজের কাছাকাছি ভুলেও রাখবেন না। তাতে এগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

শুকনো চামচ ব্যবহার করুন

নুন বা চিনি ব্যবহার করার সময় পরিষ্কার শুকনো চামচ ব্যবহার করবেন। কখনই ভেজা চামচ দিয়ে নুন, চিনি তুলবেন না। কারণ জল লেগে এগুলি খারাপ হয়ে যেতে পারে।

ভেজা হাতে ধরবেন না

অনেক সময় আমরা ভেজা হাতেই নুন, চিনিতে হাত দিয়ে ফেলি। কিন্তু এটা একেবারেই করা উচিত নয়। নুন, চিনিতে ভেজা হাত দিলে সেগুলি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

X
Desktop Bottom Promotion