মশার অত্যাচারে নাজেহাল? ধূপের বদলে ঘরোয়া টোটকায় মশা তাড়ান!

বর্ষায় মশার উপদ্রব বাড়ে। সেই সঙ্গে বেড়ে যায় ম্যালেরিয়া, ডেঙ্গির প্রকোপ। মশা থেকে বাঁচতে মশারি, ধূপ, ধুনো, স্প্রে - কত উপায়ই না আমরা অবলম্বন করি। কিন্তু তাতে ক্ষণিকের স্বস্তি পাওয়া গেলেও, তেমন লাভ হয় না। তাছাড়া মশার ধূপ বা তরল ওষুধ দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখাও ঠিক নয়। বিশেষ করে ঘরে বাচ্চা থাকলে এগুলি ব্যবহার না করাই ভালো। তা হলে উপায়?

মশার যন্ত্রণা থেকে বাঁচার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়। এগুলি মেনে চললেই কমতে পারে মশার উপদ্রব। দেখে নিন মশা তাড়াতে কী করবেন-

Natural Tips to Get Rid of Mosquitoes

জল জমতে দেবেন না

জমা জল হল মশার আঁতুড় ঘর। বাড়ির আশেপাশে জল জমে থাকলেই মশার উপদ্রবে নাজেহাল হতে হবে। তাই ঘরের কোথাও জল জমতে দেওয়া চলবে না। সেই সঙ্গে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাথরুমে অহেতুক জল জমিয়ে রাখবেন না। ছাদে বৃষ্টির জল জমতে দেবেন না। বাড়ির ডাস্টবিনে জল জমছে কি না খেয়াল রাখুন। খালি গাছের টব রাখা থাকলে সেগুলি উল্টে রাখুন।

কর্পূর

সন্ধে হলেই মশার উপদ্রব বাড়ে। তাই সূর্য ডোবার আগেই ঘরের কোণে এক টুকরো কর্পূর জ্বালিয়ে দিন। জানালা, দরজা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পর জানালা খুলে দিন। এতে মশা ঘরে ঢুকবে না।

ক্যাটনিপ অয়েল

যাঁরা বিড়াল পোষেন, তাঁরা এই তেলের কথা শুনে থাকবেন। বিড়ালদের ভাল রাখতে অনেকেই এই তেল ব্যবহার করেন। তবে কেবল বিড়ালদের কাজেই লাগে না, পাশাপাশি মশা তাড়াতেও বেশ কার্যকর ক্যাটনিপ অয়েল।

ধুনোর সঙ্গে নিমপাতা গুঁড়ো

ঘরে ধুনো দিলে মশা কম হয়। ধুনোর সঙ্গে নিমপাতা গুঁড়ো মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এতে ভালো কাজ দেবে।

পিপারমিন্ট অয়েল

মশা তাড়াতে ঘরে পিপারমিন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। তাছাড়া পিপারমিন্ট তেল গায়েও মাখতে পারেন। এতে মশা আপনার ধারেকাছেও ঘেঁষবে না। তবে সরাসরি এই তেল গায়ে মাখলে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখুন।

লেমন ইউক্যালিপটাস

অনেক মশা তাড়ানোর স্প্রে-তেই লেমন ইউক্যালিপটাস তেল মেশানো থাকে। আমেরিকার সিডিসি এটি মশার তাড়ানোর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই মশার কামড় থেকে বাঁচতে আপনিও ব্যবহার করতে পারেন এই তেল।

X
Desktop Bottom Promotion