কাঁচা লঙ্কা তাড়াতাড়ি শুকিয়ে যায়? দীর্ঘ দিন টাটকা রাখবেন কী ভাবে?

বাজারে এখন কাঁচা লঙ্কার আকাশছোঁয়া দাম। লঙ্কার গায়ে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। কিছু দিন আগেও যে লঙ্কা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন তারই দর উঠেছে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা কেজি।

এ দিকে ঝালে, ঝোলে কিংবা অম্বলে, বাঙালি রান্নায় একটু লঙ্কা না হলেও আবার চলে না। কিন্তু লঙ্কার যা দাম, তাতে রোজের লঙ্কা রোজ কিনে আনাও বেশ মুশকিলের। আবহাওয়ার দোলাচলের কারণে বেশি করে লঙ্কা এনে রাখলে হয় শুকিয়ে যাচ্ছে, না হলে পচে যাচ্ছে। ফ্রিজে রাখলে সাময়িক তাজা থাকলেও, একটা নির্দিষ্ট সময়ের পরে তা শুকিয়েই যায়।

তবে এমন কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে, যেগুলি অবলম্বন করলে লঙ্কার সতেজতার মেয়াদ আরও কিছুটা বাড়তে পারে। জেনে নিন সে সব উপায় -

How to preserve Green Chillies

চেন টানা ব্যাগে লঙ্কা ভরে রাখুন
কাঁচা লঙ্কাগুলো জলে ধুয়ে ভালো ভাবে শুকিয়ে নিন। লঙ্কার বৃন্ত ছিঁড়ে রাখুন। এতে লঙ্কা সহজে পচে না। চেন টানা ছোটো ব্যাগের ভিতরে রাখুন লঙ্কাগুলো। পাউচ ভালো ভাবে সিল করে দিন, যাতে ব্যাগের ভিতরে একটুও বাতাস না ঢুকতে পারে। ফ্রিজের মধ্যে রেখে দিন ব্যাগটি।

এয়ার টাইট পাত্রে লঙ্কা রাখুন
বাড়িতে বায়ুরুদ্ধ বা এয়ার টাইট বাক্স থাকলে তাতে ভরে রাখুন কাঁচা লঙ্কা। পাত্রের নীচে শুকনো পরিষ্কার কাপড় বিছিয়ে দেবেন। তার উপরে লঙ্কাগুলো রাখুন। এ বার পাত্রের মুখ বন্ধ করে, অন্য আর একটি নরম কাপড়ে পাত্রটি ঢেকে দিন। অবশ্যই লঙ্কার বৃন্ত ছিঁড়ে রাখবেন। এই পাত্র ফ্রিজে ঢুকিয়েও রাখতে পারেন।

অ্যালুমিনিয়াম ফয়েল
অ্যালুমিনিয়াম ফয়েলে করে কাঁচা লঙ্কা রাখতে পারেন। এতে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে লঙ্কা। লঙ্কার বোঁটা ছাড়িয়ে ফয়েলে ভালো করে মুড়ে নিন। এর পর ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। ঘণ্টা পাঁচেক পর ফ্রিজ থেকে বার করে লঙ্কাগুলি একটি এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ফের রেখে দিন ফ্রিজে।

X
Desktop Bottom Promotion