রান্নাঘরের তেলের শিশি পরিষ্কার করবেন কী ভাবে? রইল সহজ টিপস

রান্নাঘরের সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে বেশি নোংরা হয় তেলের বোতল। এমন চিটচিট করে তেলের শিশি যে হাত দেওয়া যায় না। কড়াইয়ে তেল ঢালতে গিয়ে হাত থেকে পিছলে নীচে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই নিয়মিত পরিষ্কার করা দরকার তেলের বোতল।

কিন্তু বাসনপত্র হোক বা শিশি-বোতল, তেলেতেলে ভাব দূর করা অতটাও সহজ নয়। শুধু জল দিয়ে ধুলে চিটচিটে ভাব কাটে না। আবার ঠিকমতো পরিষ্কার না করলে তেলচিটে একটা গন্ধও বেরোয়। কী ভাবে পরিষ্কার করলে বোতলের গন্ধ এবং তেলচিটে ভাব দূর হবে? দেখে নিন কয়েকটি সহজ টিপস।

How to clean an oil bottle

গরম জল দিয়ে পরিষ্কার করুন

তেলচিটে বোতল গরম জলে পরিষ্কার করতে পারেন। গরম জল তেলের বোতলে ভরে রেখে দিন ১০-১২ ঘণ্টা। এর পর জল-সহ বোতল ভাল করে ঝাঁকিয়ে নিন। গরম জল বোতলের তেলাভাব দূর করবে। বোতলের নীচে আটকে থাকা অতিরিক্ত তেল অপসারণ করতেও সাহায্য করবে। আপনি চাইলে জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। এতে আরও ভাল ফল পাবেন।

টিস্যু পেপার

টিস্যু পেপার দিয়ে সহজেই তেলের দাগ তোলা যায়। একটি পরিষ্কার টিস্যু পেপার বা কিচেন টাওয়েল দিয়ে বোতলের ঢাকনার ভেতর ও বাহির ভাল করে মুছে নিন। বোতলের ঢাকনা লাগানোর জায়গাটা এবং বোতলের ওপরটাও মুছে নেবেন ভাল করে।

বাসন মাজার তরল সাবান

গরম জলে বাসন মাজার তরল সাবান মিশিয়ে তেলের বোতলে ভরে নিন। কিছুক্ষণ এই ভাবে রেখে দিন। তারপর বোতলটি ভাল করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। বাড়িতে বোতল পরিষ্কার করার ব্রাশ থাকলে আরও ভাল। তা হলে সেই ব্রাশ দিয়ে বোতল ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন।

লেবু জল বা ভিনেগার জল

লেবুর রস বা সাদা ভিনেগার জলের সঙ্গে মিশিয়ে বোতলে ভরে ফেলুন। মিনিট ২০ পরে ভাল করে ঘষে বোতল পরিষ্কার করে নিন। এতে বোতলের ময়লা এবং দুর্গন্ধ উভয়ই সম্পূর্ণ দূর হবে।

ওয়াশিং পাউডার এবং বেকিং সোডা

অর্ধের বালতি ইষদুষ্ণ জলে দুই চামচ ওয়াশিং পাউডার দিন। এতে সাদা ভিনেগার, পাতিলেবুর রস এবং এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তেলের বোতলের বাইরেটা টিস্যু পেপার দিয়ে ভাল করে মুছে ১৫ মিনিট ওই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাধারণ জলে ভাল করে ধুয়ে শুকনো করে নিন।

X
Desktop Bottom Promotion