Stuffy Nose Remedies: বন্ধ নাকের জন্য রাতের ঘুম উড়েছে? আরাম দেবে এই ৬ ঘরোয়া টোটকা!

Stuffy Nose Remedies: শীতকালে সর্দি-কাশি, জ্বরের প্রকোপ বাড়ে। সেই সঙ্গে নাক বন্ধের সমস্যা তো রয়েছেই। সবচেয়ে বেশি অস্বস্তি হয় এটা নিয়েই। নাক বন্ধ হয়ে গেলে কোনও কাজেই মন বসে না। শ্বাস নিতে সমস্যা হয়। মাথা ধরে থাকে সারাক্ষণ। খাওয়াদাওয়াতেও অরুচি আসে।

বন্ধ নাক খোলার জন্য অনেকেই নানা রকম ড্রপ ব্যবহার করেন। তাতে যে সব সময়ে সুফল পাওয়া যায়, তা নয়। চিকিৎসকদের মতে, রোজ রোজ নাকের ড্রপ ব্যবহার করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর নাকের ড্রপ না নিলে ঘুম আসতে চায় না। তার চেয়ে বরং বন্ধ নাক খোলার জন্য ঘরোয়া উপায় প্রয়োগ করা যেতে পারে। দেখে নিন এমনই কয়েকটি ঘরোয়া উপায়, যেগুলি এক্ষেত্রে কার্যকর হতে পারে।

stuffy nose remedy

জোয়ান

মাঝারি আঁচে ফ্রাইং প্যান গরম করুন। এক মুঠো জোয়ান শুকনো প্যানে ভাজতে থাকুন। জোয়ানোর রঙ গাঢ় হলে এবং সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে এই ভাজা জোয়ান বেঁধে নাকের কাছে ধরে রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, যাতে এর গরম ভাপটা নাকের ভিতরে পৌঁছায়।

ইউক্যালিপটাস তেল

বন্ধ নাক খুলতে কাজে লাগাতে পারেন ইউক্যালিপটাস অয়েল। একটা বড় পাত্রে জল ফুটিয়ে নিন ভাল ভাবে। তারপর গরম জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে সেই ভাপটা নিন। মাথার উপর থেকে টাওয়েল ঢাকা দিয়ে গরম জল থেকে উঠতে থাকা ধূমায়ীত বাষ্প নাক-মুখ দিয়ে টানতে থাকুন। নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ভাপ নেওয়ার সময় চোখ অবশ্যই বন্ধ রাখুন।

আদা পুদিনার চা

এক কাপ জলে আদা থেঁতো করে দিয়ে ফুটিয়ে নিন মিনিট পাঁচেক। চা ছেঁকে নিয়ে তাতে কয়েকটা তাজা পুদিনা পাতা দিন। ঈষদুষ্ণ অবস্থায় পান করুন। এতে আরাম পাবেন।

রসুন জল

এক কাপ জলে ২-৩ কোয়া রসুন আর আধ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এই জল ছেঁকে পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে। সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলেও উপকার পাওয়া যাবে।

গোলমরিচ

হাতের তালুতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল দিন। আঙুলে এই মিশ্রণটি লাগিয়ে নাকের কাছে ধরুন। হাঁচি হবে। সেই সঙ্গে নাক পরিষ্কার হয়ে যাবে। সর্ষের তেল নাকে দিয়ে টানলেও বন্ধ নাক খুলে যায় এবং নাক পরিষ্কার হয়।

গরম জলে স্নান

নিয়মিত গরম জলে স্নান করতে পারেন। গরম জলে স্নান করলে বন্ধ নাক খুলে যায়। এর পাশাপাশি, যতটা সম্ভব গরম পানীয় খেতে হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion