মাইগ্রেনের যন্ত্রণায় জেরবার? এই ৩ টি আসন আপনার জন্য!

By Bhagysree Sarkar

বর্তমানে কম-বেশি সকলেই কর্মরত। একটানা প্রায় ৯-১০ ঘণ্টা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হচ্ছে। আর এতেই যে সমস্যার বাড়বাড়ান্ত তা হল মাইগ্রেন। গ্রীষ্মকালে যদিও এই সমস্যা দ্বিগুণ বাড়ে। আলো অথবা শব্দের মধ্যে গেলেই যেন মাথার একটা দিকে প্রচন্ড যন্ত্রণা করে।

বিশেষজ্ঞরা বলছেন, মাথার যন্ত্রণার সমস্যা থেকে মুক্তি পেতে লাইফস্টাইল এবং খাবারের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে অনেকের ক্ষেত্রেই অন্যান্য শারীরিক সমস্যা থাকায় পেনকিলারজাতীয় ওষুধ খাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আপনি নিতে পারেন আয়ুর্বেদ এবং যোগ বিশেষজ্ঞদের মতামত। তাঁদের মতে, এমন সহজ কিছু যোগাভ্যাস নিয়ম করে রোজ করলে মুক্তি পাওয়া সম্ভব মাইগ্রেনের সমস্যা থেকে। চলুন জেনে নেওয়া যাক-

maigren
  • সেতু বন্ধ সর্বাঙ্গসন- এই আসন মস্তিষ্কে সঠিকভাবে রক্ত চলাচল করতে সাহায্য করে। কীভাবে করবেন?

প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। এবার হাত দুটোকে মেঝেতে সমান করে ছড়িয়ে দিন। পায়ের পাতাদুটোকে সমানভাবে রেখে কোমরের উপর জোর দিয়ে কোমরটাকে উপরে তুলে দিন। দেখবেন, মাটির সঙ্গে যেন শুধুমাত্র মাথা, ঘাড়, দুটো হাত ছড়ানো অবস্থায় এবং পায়ের পাতা ঠেকে থাকে। এবার এই অবস্থায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে থাকুন। ২০ সেকেন্ড হওয়ার পর ধীরে ধীরে শবাসনে ফিরে আসুন।

  • উষ্ট্রাসন- এটি হজমের সাহায্য করে। মাসিকের ক্র্যাম্প কমায়। কীভাবে করবেন?

প্রথমে হাঁটু গেড়ে বসুন। পিছন দিকে হেলে উভয় হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিন। এবার আস্তে আস্তে পেট সামনের দিকে এগিয়ে দিন। ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভিতর দিকে ও অন্য আঙুলগুলি বাইরের দিকে থাকবে। এবং বাঁ হাত বাঁ গোড়ালির ওপর অনুরূপ ভাবে থাকবে।

  • শবাসন- এই আসনটি হাই ব্লাডপ্রেসার, অনিদ্রা, একটুতে রেগে যাওয়া, নার্ভাস, স্নায়বিক দুর্বলতা ও উত্তেজনা প্রশমনে উপকারী। কীভাবে করবেন?

চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন। হাত দুটি শরীরের দুই পাশে দেহ সংলগ্ন রাখুন। হাতের চেটো শিথিল ভাবে থাকবে। হাত, পা, দেহ অবশ হয়ে গিয়েছে এরূপ ভেবে মৃত ব্যক্তির মতো শুয়ে থাকুন। যে আসন যত বার ও যত ক্ষণ অভ্যাস করবেন, শবাসনেও ঠিক ততক্ষণ অবশ্যই বিশ্রাম নেবেন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

Story first published: Thursday, June 27, 2024, 13:30 [IST]
X
Desktop Bottom Promotion