আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস! সুস্থ থাকতে কী খাবেন, আর কী খাবেন না

By Bhagysree Sarkar

আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আপনি কি জানেন, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়? হ্যাঁ ঠিকই শুনেছেন, উচ্চ রক্তচাপের কারণে মৃত্যুও হতে পারে আপনার। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আধুনিক সমাজে এখন খুবই সাধারণ একটি বিষয়। দিন প্রতিদিন এর ঝুঁকিও বেড়ে চলেছে। তাই বিশ্বজুড়ে মানুষকে সচেতন করতে ১৭ মে দিনটিকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসেবে পালন করা হয়। এবছরের থিম, 'সঠিক পদ্ধতিতে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘায়ু হন।'

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বজুড়ে প্রতিবছর ৭৫ লক্ষ মানুষের মৃত্যু হয় হৃদরোগে। এর প্রধান কারণ, হাইপারটেনশন। বর্তমান জীবনধারায় টেনশন বা মানসিক চাপ কমবেশি সকলের মধ্যেই লক্ষ্য করা যায়। শুধু নিজের মধ্যে নয়, মানসিক চাপ অগোচরে সংক্রমিত হয় পরিবারের ভিতরেও। এর প্রধান দুটি কারণ রয়েছে। প্রথমত, বহিরাগত বা কর্মক্ষেত্রের চাপ। যা মূলত অফিস, কাজ ও বাহ্যিক জীবন নিয়ে হতে পারে। দ্বিতীয়টি, অভ্যন্তরীণ বা পারিবারিক চাপ। এক্ষেত্রে পরিবারের কোনও সমস্যা যা দীর্ঘদিন ধরে চলে আসছে, বা এই ধরনের কোনও সমস্যা হলে হয়।

high blood pressure

বিশেষজ্ঞদের মতে, পরিবারের ভবিষ্যৎ অর্থাৎ সন্তানের চিন্তা, পারিবারিক অশান্তি, জমিবাড়ি-সম্পত্তির বিবাদ ইত্যাদি নানা কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। এর মধ্যেই রয়েছে ধূমপান, মদ্যপান, অপরিমিত জাঙ্কফুড নির্ভর খাওয়াদাওয়া, তেলমশলা যুক্ত খাদ্য ইত্যাদি। এখন প্রশ্ন কীভাবে সুস্থ থাকবেন এই ধরনের জীবনযাপনে, কীভাবে মানসিক চাপমুক্ত রেখে স্বচ্ছন্দভাবে বাঁচার চেষ্টা করা যায়, কী করবেন, কী করবেন না, এসব সম্পর্কে চেতনা বাড়াতে দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।

  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কী খাবেন-

বিশেষজ্ঞরা বলছেন, নিত্যদিনের খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি যেমন পালংশাক, ফুলকপি, শসা, লাউ, মটরশুঁটি, বাঁধাকপি, টমেটো, কুমড়া, বেগুন ইত্যাদি রাখতে হবে। অর্থাৎ এক কথায় শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।

সঙ্গে পটাশিয়ামযুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। কলা, ডাবের জল, টমেটো ইত্যাদিতে পটাশিয়াম থাকে। এগুলি খাদ্যতালিকায় যোগ করুন। সঙ্গেই প্রতিদিন এক গ্লাস দুধ খেতে পারেন।
তৈলাক্ত মাছ বাদ দিয়ে ছোট মাছ বেছে নিন। এছাড়াও খাদ্যতালিকায় যোগ করুন ফলমূল। যেমন আমলকি, বেদানা, পেয়ারা, নাশপতি, পেঁপে এসবের মধ্যে যেকোনও একধরনের ফল প্রতিদিন খান।

  • তাহলে কী খাবেন না-

খাবারে নুনের পরিমাণ কমাতে হবে। কাঁচা নুন একেবারেই খাওয়া যাবে না।
চর্বি বা ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে। যেমন- খাসির মাংস, মাখন, পেস্ট্রি, কেক ইত্যাদি। সঙ্গে অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া যাবে না। এমনকি প্যাকেটজাত খাবারও বাদ দিতে হবে। কমাতে হবে ভাত খাওয়ার পরিমাণও।

Story first published: Friday, May 17, 2024, 16:27 [IST]
X
Desktop Bottom Promotion