বর্ষাকালে মশার কামড়ে অতিষ্ট? জেনে নিন এই সমস্যা থেকে বাঁচার সহজ ও কার্যকরী টিপস!

By Bhagysree Sarkar

তপ্ত গরমে নাজেহাল দশা ছিল বঙ্গবাসীর। তবে বর্ষার শুরু থেকেই ভাইরাল জ্বরে কাহিল বহু মানুষ। তাছাড়া বর্ষায় যত্রতত্র জমে থাকা জলে বংশ বিস্তার করছে বিষাক্ত মশা। এমন কোনও মানুষ নেই, যিনি এই সময় এই মশার কামড় থেকে বাঁচতে চান না। বর্ষাকালে মশা ও যেকোনও পোকামাকড় অনেক এলাকাই দাপিয়ে বেড়ায়। বর্ষাকালে মশার প্রাদুর্ভাব একটি সাধারণ সমস্যা। মশা অনেক ধরনের সংক্রামক রোগের কারণ। মশার কামড়ে তীব্র চুলকানি, ক্ষত, ফুসকুড়ি ইত্যাদির মত সমস্যা হয়।

শুধু কি তাই, এর সঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ওয়েস্ট ব্লু ভাইরাসজনিত নানান রোগও দেখা দেয়। এই অবস্থায় জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা, ফুসকুড়ি, বমি বমি ভাব, চোখে জ্বালাপোড়া, শরীরে ক্লান্তির মতো লক্ষণগুলি দেখা দেয়। তাই বর্ষায় মশার কামড় এড়াতে এই টিপসগুলি জেনে রাখা দরকার-

ছবি সৌজন্য- pexels

১. প্রথমত, বর্ষায় সঠিক পোশাক পরা অত্যন্ত জরুরি। গবেষণা বলছে, বর্ষাকালে এমন পোশাক পরা উচিত যাতে মশা সহজে প্রবেশ করতে পারে না। এই সময় মূলত ফুলহাতা জামা, লম্বা প্যান্ট এবং মাথায় টুপি পরা উচিত। বাজারে এমন কিছু কাপড়ও পাওয়া যায় যেগুলোকে রাসায়নিকভাবে শোধন করা হয় এবং সেগুলো পরলে মশা সহজে ত্বকের সংস্পর্শে আসতে পারেনা।

২. অনেকের মতে, এই মরশুমে সুগন্ধি ব্যবহার করা চলবে না। আপনার যদি ফল, ফুলের বা কাঠের সুগন্ধি পরার অভ্যাস থাকে, তবে তা ছেড়ে দিতে হবে। কারণ এটি মশাকে আপনার দিকে আকর্ষণ করবে। তাই এই সময় এসব এড়ানোই ভালো।

৩. বর্ষায় আর্দ্রতা থাকায় শরীর থেকে ঘাম হয়। যা সহজেই মশাকে আকর্ষণ করে। তাই সবসময় আপনার শরীর থেকে ঘাম পরিষ্কার করতে হবে। ঘামের মাধ্যমে শরীর থেকে নির্গত রাসায়নিক পদার্থ মশার কাছে খুবই প্রিয়। কেউ ঘামতে শুরু করলেই সেখানে মশা গুঞ্জন শুরু করে। তাই সতর্ক থাকুন।

৪. মনে রাখবেন, সূর্য অস্ত যাওয়ার সঙ্গেই যেন আপনার ঘরের জানালা বন্ধ হয়ে যায়। কারণ, এই সময়ই জানালা দিয়ে মশা আসে এবং আপনাকে কামড়াবে। তাই ঘরে কোনো ধরনের ফাঁক থাকা উচিত নয়। যখন বাইরে অতিরিক্ত আর্দ্রতা থাকে এবং অনেক জায়গায় জল জমে থাকে, তখন ঘরে থাকার চেষ্টা করুন।

৫. সঙ্গেই ঘর ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকতে দেবেন না। প্রতিটি জিনিস সবসময় শুকনো রাখবেন। কারণ, ভেজা জিনিস থাকলে সেখানে মশা আসবে এবং আপনাকে কামড়াবে। ভেজা জায়গায় মশার বংশবৃদ্ধি করা সহজ। ঘরের কোথাও জল জমা রাখবেন না।

৬. রাতে মশারি ব্যবহার করতে ভুলবেন না। আপনি বাইরে থাকলে যদিও এটি সম্ভব নয়। তবুও বাড়িতে থাকাকালীন সবসময় মশারিতে ঘুমানোর চেষ্টা করুন।

এসব ছাড়াও আজকাল বাজারে অনেক ক্রিম পাওয়া যায়, যেগুলো ত্বকে লাগালে মশার কামড়ের ঝুঁকি অনেকটাই কমে। এগুলোতে থাকে রাসায়নিক এন-ডাইথাইল এম-টোলুয়ামাইড, যার গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই এই ধরনের ক্রিম সবসময় ত্বকে লাগান। তবে খেয়াল রাখবেন আপনার চোখে ও মুখের কাছে লাগাবেন না। এতে লালভাব-জ্বালা হতে পারে।

Story first published: Saturday, July 20, 2024, 15:40 [IST]
X
Desktop Bottom Promotion