Father’s Day: বাবার শরীরের যত্ন নেবেন কী ভাবে? পিতৃ দিবসে রইল ৫ উপায়

প্রত্যেক বাবার কাছে তার সন্তান ও পরিবারের খুশিই হল স্বর্গসুখ। সন্তানদের যাবতীয় ইচ্ছা পূরণ করতে দিনরাত তাঁরা কঠোর পরিশ্রম করেন। তবে বাড়িতে সকলের খুঁটিনাটি প্রয়োজনের খেয়াল রাখলেও, নিজের ব্যাপারে বড়ই উদাসীন তাঁরা। কাজের মধ্যে এতটাই ডুবে থাকেন যে, অন্য কোনও দিকে হুঁশ থাকে না। ফলে শারীরিক ও মানসিক চাপ বাড়তে থাকে। শরীরে কোনও অস্বস্থি হলেও নিজের মধ্যেই চেপে রাখেন বাবারা। কাউকে বুঝতে দেন না।

তাই এই পিতৃ দিবসে (Father's Day) কোনও উপহার নয়, বাবাকে একটু আগলে রাখার দায়িত্ব নিলে কেমন হয়! বাবা অবহেলা করলেও, তাঁর শরীরের যত্নের দায়িত্ব নিন আপনিই। দেখে নিন, বাবার শরীরের যত্ন নেওয়ার কিছু উপায়।

মানসিক চাপ কমানোর উপায়
কর্মক্ষেত্র এবং সংসারের দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে বাবাদের ক্লান্তি, দুর্বলতা, চিন্তা, স্ট্রেস হওয়া খুব স্বাভাবিক। এই স্ট্রেস বা মানসিক চাপই কিন্তু নানা রোগের মূলে রয়েছে। তাই বাবার মানসিক চাপ কাটানোর জন্য তাকে প্রতিদিন যোগব্যায়াম, হালকা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করাতে পারেন। সকাল, সন্ধ্যায় বাবাকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরোন। শারীরিক কসরতের মধ্যে থাকলে অনেক রোগের হাত থেকেই মুক্তি পাওয়া যায়।

অফিসের কাজ যাতে বাড়িতে না নিয়ে আসে, সে দিকে খেয়াল রাখুন। বাবার ল্যাপটপ এবং মোবাইল ফোন দূরে রেখে দিন। বাবাকে সব সময় সক্রিয় রাখার চেষ্টা করুন, হাসি-খুশি রাখুন। বেড়াতে নিয়ে যান।

স্বাস্থ্যকর খাবার খাওয়ান
সুষম খাদ্যই আপনার বাবাকে সুস্থ এবং সক্রিয় রাখতে পারে। তাই বাবার খাওয়াদাওয়ার দিকে অবশ্যই নজর দিন। প্রতিদিন যাতে সময়মতো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে, সে দিকে খেয়াল রাখুন। তাঁর রোজের খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করুন। জাঙ্ক ফুড, ভাজাভুজি, তেল-মশলাজাতীয় খাবার না দেওয়াই ভাল। কারণ এই সব খাবার গুরুতর রোগ-ব্যাধি ডেকে আনতে পারে। চিকিৎসকের দেওয়া ডায়েট চার্ট মেনে চলা আরও বেশি উপকারী।

health tips for fathers

স্বাস্থ্য পরীক্ষা করান
শরীরে কোনও রোগ না থাকলেও, বছরে অন্তত এক-দু'বার হেল্থ চেকআপ এবং টেস্ট করাতেই হবে। আগে থেকে কোনও রোগ ধরা পড়লে তাকে গোড়াতেই নির্মূল করা সহজ। তাই সময়ে সময়ে আপনার বাবার হেল্থ চেকআপ এবং টেস্ট করান। চিকিৎসকের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখুন। এতে কোনও অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থাকলে তা সহজেই ধরা পড়বে এবং দ্রুত চিকিৎসা শুরু করা যাবে। তাছাড়া, বাবার শরীরে কোনও অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।

অ্যালকোহল এবং ধূমপান
মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা আমরা সকলেই জানি। নিয়মিত ধূমপান ও মদ্যপানে লিভারের রোগ, ফুসফুসের সমস্যা, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো সমস্যাও দেখা দেয়। বাবার এই অভ্যাস থাকলে, তা ছাড়ানোর চেষ্টা করুন।

পর্যাপ্ত ঘুম
স্বাস্থ্যকর জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ হল পর্যাপ্ত ঘুম। ঘুম ঠিকমতো না হলেই শরীরে বাসা বাঁধবে নানা রোগ-ব্যাধি। আপনার বাবার জন্য ঘুমের টাইম টেবিল ঠিক করে দিন। প্রতিদিন সময়মতো ঘুমানো এবং ঘুম থেকে ওঠা সুস্থ-সবল থাকার জন্য খুবই প্রয়োজনীয়। কমপক্ষে ৭-৯ ঘণ্টা গাঢ় ঘুম প্রয়োজন।

X
Desktop Bottom Promotion