নতুন করে কোভিড-সংক্রমণ শুরু মহারাষ্ট্রে, করোনার নয়া ভ্যারিয়্যান্ট 'ফ্লার্ট' নিয়ে সতর্কতা

By Bhagysree Sarkar

২০২০- তে বিশ্ব থমকে গিয়েছিল করোনা ভাইরাস মহামারিতে। সেই রেশ এখনও যেন কাটতেই চাইছে না। নিত্যনতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বেড়ে চলেছে। সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে হানা দিয়েছে। যা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আমেরিকায়। তবে সেখানেই থেমে থাকেনি, এদেশের মহারাষ্ট্রে ঢুকে পড়েছে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের সাব-ভেরিয়েন্ট কেপি.২।

চিকিৎসাবিজ্ঞানীদের দেওয়া নাম 'ফ্লার্ট ভেরিয়েন্টস'। তবে এটি ওমিক্রন ভাইরাসের থেকেও বেশি শক্তিশালী বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই সংক্রমণের আতঙ্কে রয়েছে বিশ্বের অন্যান্য দেশগুলিতেও। রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯১ জনের সংক্রমণের খবর মিলেছে। জানুয়ারিতে প্রথম এই ধরনের কেস সনাক্ত করা হয়েছিল এবং এপ্রিলের মধ্যে, বৈকল্পিকটি সেই অঞ্চলে ইতিমধ্যে একটি প্রভাবশালী স্ট্রেন ছিল।

CoronaVirus

পুণে, থানে, অমরাবতী, ঔরঙ্গাবাদ, সোলাপুর, আহমেদনগর, নাসিক, লাতুর এবং সাংলিওনে কেস শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে, মার্চ এবং এপ্রিলে জিনোম সিকোয়েন্সিং দেখায় মহারাষ্ট্রে কেপি.২ পুণে (৫১), থানে (২০), অমরাবতী (৭) ঔরঙ্গাবাদ (৭), সোলাপুর (২), আহমেদনগর (২)- এ মোট ৯১ টি কেস রয়েছে। এছাড়াও, আহমেদনগর, নাশিক, লাতুর ও সাংলিওনেও কেপি.২ ভেরিয়েন্ট ধরা পড়েছে। তবে মুম্বাইয়ে এখনও পর্যন্ত কেপি.২ ধরা পড়েনি। কিন্তু সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে।

  • করোনার 'ফ্লার্ট' ভেরিয়েন্ট কি? চলুন জেনে নেওয়া যাক-

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ওমিক্রনের বেশ কয়েকটি নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। এরমধ্যে দুটি ভ্যারিয়্যান্ট বেশি সংক্রমণাত্মক বলে জানাচ্ছেন গবেষকরা। কেপি.২ ও কেপি১.১ নামের এই ভাইরাস দুটি দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। এই সংক্রমণাত্মক ভাইরাসগুলিকেই একসঙ্গে বলা হচ্ছে ফ্লার্ট।

  • ফ্লার্ট ভ্যারিয়েন্টের উপসর্গ-

গবেষণায় জানা গিয়েছে, করোনা বা ওমিক্রন ভাইরাসের লক্ষণগুলির মতই ফ্লার্ট ভ্যারিয়েন্টের লক্ষণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, সর্দি, নাক থেকে জল পড়া, গলা ব্যথা, প্রচণ্ড ক্লান্তিভাব, প্রচণ্ড জ্বর বা কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, খাবারের স্বাদ না পাওয়ার মতো লক্ষণ দেখা যায়। সেই সঙ্গে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।

তবে গবেষকরা জানিয়েছেন, নতুন এই ভ্যারিয়্যান্ট দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে ঠিকই, কিন্তু এতে ভয়ের বিষয় নেই। কারণ এই সংক্রমণে প্রাণহানির শঙ্কা কম। তাছাড়া করোনার টিকা এই ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধ করতে পারে। তাই দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু সকলকেই সতর্ক থাকতেই হবে।

Story first published: Tuesday, May 14, 2024, 13:51 [IST]
X
Desktop Bottom Promotion