Jaggery: চিনি নয়, চায়ে মেশাচ্ছেন গুড়! বিকল্প হিসেবে সত্যিই কি স্বাস্থ্যকর?

By Bhagysree Sarkar

আজকাল স্বাস্থ্য নিয়ে মানুষ অনেকখানিই সচেতন। নুন চিনি খাওয়া প্রায় অনেকেই বাদ দিয়েছেন। মিষ্টি খেতে ইচ্ছা করলেই মাথায় উঁকি দেয় নানা প্রশ্ন। অনেকে ভাবেন, সুগার হবে না তো? কারও ভয়, চিনি খেলে বেড়ে যাবে ওজন (Eating sugar will cause weight gain)।

অর্থাৎ এককথায় বলাই বাহুল্য যে, দিন দিন মানুষ যত স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছেন, ততই চিনি ছাড়ার প্রবণতা বাড়ছে। আর তাই বলেই মিষ্টি খাওয়ার ইচ্ছা মেটাতে চিনির পরিবর্তে কেউ কেউ ঝুঁকছেন গুড়ের (Jaggery) দিকে।

jaggery

রোজকার জীবনে অনেকটাই জুড়ে রয়েছে চা, কফি। এগুলির প্রতিটি কাপে থাকে চিনি। তবে শুধু এসবই নয়, রোজকার বহু খাবারেই পাবেন গাদা গাদা চিনি। বিশেষ করে উৎসবের মরসুমে কেক, পায়েস, আইসক্রিম বা প্রিয় সন্দেশের বেশিরভাগটাই চিনি রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে চিনি তৈরি হয় আখ থেকেই। যা সাধারণভাবে খুব একটা খারাপ নয়।

কিন্তু এটাও ঠিক যে, বেশি চিনি খেলে ডায়াবিটিস ও স্থূলতার সমস্যায় ভোগা রোগীদের সমস্যা বেড়ে যেতে পারে। এখন তাই অনেকেই চিনির বিকল্প হিসাবে গুড় (Jaggery as a sugar substitute) বা মধু খান। বাড়িতে মিষ্টি কিছু তৈরি করতে গেলেও অনেকে গুড় ব্যবহার করেন। কিন্তু চায়ে চিনির বদলে কি গুড় মেশানো ভালো (Is it better to add jaggery instead of sugar in tea)?

চিকিৎসকদের মতে, ১ চা চামচ চিনিতে কমবেশি ৪৫ ক্যালোরি থাকে। সমপরিমাণ গুড়েও ক্যালোরির পরিমাণ একই। কাজেই ক্যালোরির দিক থেকে ভাবলে অন্তত গুড় আর চিনির বিশেষ কোনও ফারাকই আপনার নজরে পড়বে না। তবে গুড়ের এমন কিছু গুণ আছে, যা বিশেষ ক্ষেত্রে কাজে আসতে পারে। যেমন, গুড়ে আয়রনের পরিমাণ বেশি। তাই আপনি যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগে থাকেন, তবে গুড় বেশ উপকারী।

তবে আবার কোনও বিশেষ চাটনি বা ধরুন, মাছ-মাংসের কষা রান্নায় গুড় মেশালে স্বাদ বেশ ভালোই লাগে। সঙ্গেই পাবেন রং-ও। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, চায়ের জন্য প্রাকৃতিক ভাবে চিনির বিকল্প যদি ভাবতেই হয়, তবে গুড়ের থেকে কিছুটা ভালো একটি বিকল্প হল মধু। ক্যালোরির দিক থেকে প্রায় এক হলেও মধুর গঠন কিছুটা আলাদা। তাই চিনির চেয়ে মধু অনেক ধীর গতিতে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তা ছাড়া মধুতে চিনির তুলনায় খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিড্যান্টও বেশি পরিমাণে থাকে।


কিন্তু শরীরের কথা না হয় পরে হবে। আগে বলা ভালো যে, চায়ে গুড় মেশালে চায়ের যে আসল স্বাদ, সেটাই কিন্তু চলে যেতে পারে। বলা চলে, গুড়ের গন্ধ ও স্বাদ কোণঠাসা করে দেয় চায়ের সূক্ষ্ম স্বাদকে। শুধু তাই নয়, শরীরের ক্ষতি হতে পারে চায়ে গুড় মিশিয়ে খেলে। অনেকেই নিয়মিত দুধ চা খান। আর তাতেই মিশিয়ে নেন গুড়। এই চায়ে গুড় মেশালে দুধ ও গুড় মিলে পরিস্থিতি কিন্তু কঠিন হতে পারে। মূলত, হজমের সমস্যা হয় নিয়মিত দুধ চায়ে গুড় মিশিয়ে খেলে। তাই চায়ে অন্তত গুড় এড়িয়েই চলাই ভালো।

Story first published: Tuesday, January 28, 2025, 20:09 [IST]
X
Desktop Bottom Promotion