Heatwave Alert: দেশের ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি, গরম থেকে বাঁচতে মেনে চলুন এই টিপস

তীব্র তাপদাহে পুড়ছে দেশের নানা প্রান্ত। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। সোমবার দেশের একাধিক রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায়, ভারতের আবহাওয়া বিভাগ (India Meteorological Department) পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ এবং বিহারে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Heatwave Alert

পশ্চিমবঙ্গে গত কয়েক দিন ধরেই তাপপ্রবাহ চলছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছিল। আগামী ২১ এপ্রিল পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার পাঞ্জাব এবং হরিয়ানায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। মঙ্গলবারও এই দুই রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উত্তর প্রদেশে ১৮ - ১৯ এপ্রিল তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। সিকিম, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে।

এই ৯ রাজ্যের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। গত রবিবার 'মহারাষ্ট্র ভূষণ পুরস্কার' অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হিট স্ট্রোকে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে।

তাপপ্রবাহে নিজেকে সুরক্ষিত রাখার টিপস

১) প্রচুর পরিমাণে জল পান করুন। ওআরএস, লস্যি, লেবু জল, বাটারমিল্ক, ফলের রস, শরবত পান করুন। অ্যালকোহল বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন।

২) ঢিলেঢালা, হালকা রঙের সুতির পোশাক পরুন। গাঢ় রঙ সূর্যের তাপ শোষণ করে, তাই ডিপ কালারের পোশাক পরবেন না। বাইরে বেরোলে মাথা স্কার্ফ, টুপি বা ছাতা দিয়ে ঢেকে রাখুন।

৩) খুব প্রয়োজন না হলে দুপুর বেলা বাইরে বেরোবেন না। বিশেষ করে, দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাড়ির বাইরে না বেরনোই ভালো।

৪) হালকা খাবার খান। ভারী খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। ঠান্ডা জলে স্নান করুন।

৫) শীততাপ নিয়ন্ত্রিত স্থানে সময় কাটান। তা না হলে সর্বদা ছায়ার তলায় থাকুন এবং ফ্যান ব্যবহার করুন।

৬) পশু-পাখীদের ছায়ায় রাখুন এবং তাদেরও প্রচুর জল পান করান।

৭) প্রবল গরমে অসুস্থ বোধ করলে অবিলম্বে ডাক্তারের কাছে যান।

৮) বয়স্কদের প্রবল গরমে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই তাপপ্রবাহের সময় তাদের দিকে খেয়াল রাখুন।

X
Desktop Bottom Promotion