কোন ডাবে বেশি জল, বাইরে থেকে দেখে বুঝবেন কী ভাবে?

By Bhagysree Sarkar

তীব্র গরমের দাবদাহে, ঠান্ডা ডাবের জলের এক চুমুক আপনাকে দেবে চরম তৃপ্তি। ডাবের জল মূলত, কচি ডাবের ভেতরকার রস। ডাব পেকে নারিকেল হবার সঙ্গে সঙ্গে ডাবের জলও কমে যায়, আর তার জায়গায় শাঁস ভেতরে জমা হয়। তেমনই একেবারে কচি ডাবের ভিতরে অল্প পরিমাণে শাঁস থাকে। আবার অনেক ডাবে জল থাকলেও তা মিষ্টি হয় না। মূলত, মাটির গুণাগুণের উপর ভিত্তি করে ডাবের জলের স্বাদ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন, ভারতের ডাব মিষ্টি হয়। কিন্তু ব্রাজিলের ডাব হয় একটু পানসে। আবার বাংলাদেশের ডাবের জল বেশ মিষ্টি হয়, আর একটু হালকা নোনতা স্বাদ থাকে।

কিন্তু ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে ডাবের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে দামও। প্রচুর দামের ডাব কেনা সত্ত্বেও, তাতে জল পর্যাপ্ত পরিমাণে পাবেন কিনা তার এমন কোনও গ্যারান্টি নেই। সুতরাং, আপনি কীভাবে নিশ্চিত করতে পারেন যে আপনি প্রতিবার সবচেয়ে তাজা এবং সর্বাধিক হাইড্রেটিং ডাবের জল পাচ্ছেন? বিষয়টি আপনার ভাবার চেয়েও সহজ। আপনাকে কেবল কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে। চলুন দেখে নেওয়া যাক।

Green coconut

প্রথমত, কেনাকাটা করার আগে একটি ডাব নিন এবং ভালো করে ঝাঁকিয়ে দেখে নিন। আপনি যদি ঝাঁকানোর সময় একটি জোড়ালো শব্দ লক্ষ্য করেন, তবে এটি নিম্ন জলের পরিমাণ নির্দেশ করে। বিপরীতভাবে, যদি দেখেন খুব কম শব্দ হচ্ছে তবে সেই নারকেলে পরিমাণে বেশি জল রয়েছে বুঝতে হবে।

দ্বিতীয়ত, অনেকেই ভাবেন ডাবের আকার অনুযায়ী জলের পরিমাণ কম-বেশি বোঝা যায়। তবে এমনটা সবসময় ঠিক নাও হতে পারে। তাই মাঝারি ডাবই বেছে নেওয়া বুদ্ধিমানের লক্ষণ।

তৃতীয়ত, বেশকিছু নারকেলে গাঢ় বাদামী দাগ দেখতে পাওয়া যায়, এরূপ দেখলেই আপনি বুঝবেন সেটি শীঘ্রই পরিপক্ক নারকেলে পরিণত হবে। এগুলিতে কম জল থাকে। তাই উজ্জ্বল সবুজ রঙের নারকেল বেছে নেওয়া বাঞ্ছনীয়।

এছাড়াও, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বদা আপনাকে মাথায় রাখতে হবে। দোকান থেকে ডাব কিনেই তা চটজলদি খেয়ে নিতে হবে। টাটকা যেকোনও ফল বা এই জাতীয় পানীয় আপনাকে পুষ্টি দেবে সম্পূর্ণরূপে কোনওরকম পুষ্টির হ্রাস না করে।

Story first published: Wednesday, March 27, 2024, 18:42 [IST]
X
Desktop Bottom Promotion