গ্রিন কফিতেই হুড়মুড়িয়ে কমবে ওজন! নিয়মিত খেলে মিলবে আরও অনেক উপকার

Green Coffee Health Benefits in Bengali: সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না খেলে যেন ঘুমের রেশই কাটতে চায় না। সেই কফি খাওয়ার শুরু। এর পর সারা দিনে কাজের ফাঁকে কত কাপ যে হয়ে যায়, তার ইয়ত্তা থাকে না। বিশেষ করে, কফিপ্রেমীরা দিনে কত কাপ যে কফি খেয়ে ফেলেন তা হয়তো গুণে শেষ হবে না। ক্লান্তি কাটিয়ে শরীরের এনার্জি বাড়াতে কফির জুড়ি মেলা ভার।

অনেকেই বলেন, অতিরিক্ত কফি খাওয়া না কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে কফির কিছু গুণও আছে। সাধারণত দুধ, চিনি দিয়ে কড়া করে কফি খাওয়ার চলই সর্বত্র রয়েছে। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা আবার ব্ল্যাক কফিও খান। তবে কখনও গ্রিন কফি খেয়েছেন কি? চিকিৎসকদের মতে, মানসিক চাপ দূরে রাখা থেকে ওজন কমানো - গ্রিন কফির গুণ প্রচুর। তাই নিয়মিত গ্রিন কফি খাওয়ার অভ্যাস করতেই পারেন।

Green Coffee

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ

গ্রিন কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে এতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায়। হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সার-সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধেও সাহায্য করে।

ওজন কমায়

মেদ ঝরাতে গ্রিন টি-ও বেশ জনপ্রিয়। পুষ্টিবিদেরা বলছেন, গ্রিন কফিও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সবুজ কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড বিপাকক্রিয়ার উপর সবচেয়ে ভালো কাজ করে। এটি খিদে কমায়, ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে। এর পাশাপাশি, গ্রিন কফি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। ইনসুলিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই পানীয়।

হার্টের জন্য উপকারী

উচ্চ রক্তচাপ কমাতে এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে গ্রিন কফি, যা হৃদরোগের একটি বড় কারণ। নিয়মিত গ্রিন কফি খেলে সামগ্রিক ভাবে হার্ট ভালো থাকে।

এনার্জি বাড়ায়

সবুজ কফিতে ক্যাফেইনের পরিমাণ সাধারণ কফির তুলনায় অনেকটাই কম। এনার্জি বাড়াতেও সাহায্য করে এই কফি। ফলে অতিরিক্ত ক্যাফেইন সেবনের ফলে প্রায়ই যে সব পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে, তা এই কফি পানে হয় না।

মস্তিষ্কের জন্য উপকারী

সবুজ কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্ক বা ব্রেনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পারে। গ্রিন কফি খেলে নিউরোডিজেনেরেটিভ সংক্রান্ত রোগ যেমন ডিমেনশিয়া, পারকিনসন, অ্যালঝাইমার্সের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। সবুজ কফিতে থাকা ক্যাফেইন কগনিটিভ ফাংশন বাড়াতে, অবসাদ কাটিয়ে মুড ভালো রাখতে সাহায্য করে।

ডায়াবেটিসের ঝুঁকি কমায়

গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত গ্রিন কফি খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। সবুজ কফি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ডায়াবেটিসের ক্ষেত্রেও গ্রিন কফি খুব উপকারী।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion