বর্ষায় বাড়ে কনজাংটিভাইটিসের ঝুঁকি, সংক্রমণ ঠেকাতে পাতে রাখুন এই খাবারগুলি!

বর্ষাকাল মানেই অসুখ-বিসুখের দাপট বৃদ্ধি পাওয়া। ফ্লু, ঠান্ডা লাগা, পেটের রোগ, অ্যালার্জি তো লেগেই থাকে। এ ছাড়াও, এই মরশুমের অন্যতম অসুখ হল কনজাংটিভাইটিস। চোখের কনজাংটিভা আক্রান্ত হলেই এই অসুখ হয়। ভাইরাস, ক্ষতিকারক ব্যাক্টেরিয়া আক্রমণে এই সংক্রমণ হয় চোখে। বছরের অন্য সময়ও কনজাংটিভাইটিস হতে পারে। তবে এই রোগের আসল মরশুম হল বর্ষাকাল। বর্ষায় সবচেয়ে বেশি ভোগায় চোখের এই সমস্যা।

চোখের এই রোগের প্রাথমিক লক্ষণ চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা, চুলকানি, ব্যথা, চোখ খচখচ করা, অনবরত জল পড়া। বড়দের তো হয়েই, এই রোগের হাত থেকে নিস্তার নেই বাচ্চাদেরও। এমন পরিস্থিতিতে চোখের যত্ন নেওয়া খুবই জরুরি।

foods for conjunctivitis

কনজাংটিভাইটিস থেকে চোখকে বাঁচাতে রোজের খাদ্যতালিকায় কিছু খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক, চোখ সুস্থ রাখতে কোন কোন খাবার উপকারী।

সবুজ শাকসবজি

সুস্থ-সবলভাবে বেঁচে থাকতে শাকসবজির অবদান অনেক। সবুজ শাকসবজি চোখ ভাল রাখতেও সাহায্য করে। পালং শাক, কালে, পার্সলের মতো শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। যা চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

ভিটামিন এ সমৃদ্ধ ফল ও সবজি

চোখের জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিন এ। এই ভিটামিন চোখের অসুখের ঝুঁকি কমায় এবং যে কোনও ক্ষতির হাত থেকে চোখকে বাঁচায়। শরীরে ভিটামিন এ সরবরাহ করতে রোজের ডায়েটে রাখুন গাজর, মিষ্টি আলু, অ্যাপ্রিকট, পেঁপে, কুমড়োর মতো সবজি রাখুন। এগুলি বিটা ক্যারোটিনের ভাল উৎস। বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ-র জোগান দেয়, যা চোখ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাতাবি, বেরি, বেল পেপার, কমলালেবু

ভিটামিন সি সমৃদ্ধ ফল, সবজি চোখ ভাল রাখতে সাহায্য করে। বাতাবি, বেরি, বেল পেপার, কমলালেবু ভিটামিন সি সমৃদ্ধ। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে।

ডিম

চোখ ভাল রাখতে ডিমের অবদান অনেক। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এ ছাড়া, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্টেরও ভাল উৎস। যে কোনও সংক্রমণ থেকে চোখকে রক্ষা করে ডিম। তাই রোজের খাদ্যতালিকায় ডিম অবশ্যই রাখুন।

স্যালমন, সার্ডিন, টুনা

চোখের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও খুব গুরুত্বপূর্ণ। স্যালমন, সার্ডিন, টুনার মতো যে সব মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি, তা বেশি করে খাওয়া প্রয়োজন। এই সব খাবার প্রদাহ কমায় এবং চোখ সুস্থ রাখে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে দৃষ্টিশক্তিও বাড়ে। চোখ শুকিয়ে যাওয়ার সমস্যাও কমে।

বাদাম এবং বীজ

বিভিন্ন রকমের বাদাম এবং বীজ পুষ্টির পাওয়ার হাউস। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। চোখ ভাল রাখে রোজকার ডায়েটে আমন্ড, আখরোট, ফ্ল্যাক্সসিড, সূর্যমুখী বীজ, হ্যাজেলনাট অবশ্যই অন্তর্ভুক্ত করুন।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Wednesday, August 9, 2023, 17:21 [IST]
X
Desktop Bottom Promotion