বর্ষাকালে চোখের সংক্রমণ নিতে পারে মারাত্মক আকার, জেনে নিন এর লক্ষণগুলি ও কী করণীয়

By Bhagysree Sarkar

বর্ষাকালে চারিদিকে সবুজের সমারোহ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখা যায়। যা মনকে আনন্দ দেওয়ার সঙ্গেই মাতিয়ে রাখে। তবে এরসঙ্গেই আনে অনেক স্বাস্থ্য সমস্যাও। যারমধ্যে একটি বড় সমস্যা চোখের সংক্রমণ।

বর্ষাকালে আর্দ্রতা এবং ময়লা বৃদ্ধি পায়, যার ফলে চোখের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই এই ঋতুতে চোখের যত্ন নেওয়া খুবই জরুরি। আজকের প্রতিবেদনে আমরা এই সমস্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জানার চেষ্টা করব।

Eye problem

প্রথমেই জেনে নেওয়া যাক চোখের সংক্রমণের কারণ কী কী হতে পারে-

  • ব্যাকটেরিয়া এবং ভাইরাস- বর্ষাকালে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। যা চোখের সংক্রমণের কারণও হতে পারে। এগুলি সাধারণত দূষিত জল, দূষিত বাতাস বা দূষিত বস্তুর মাধ্যমে ছড়িয়ে পড়ে।
  • নোংরা জল- বৃষ্টির জল প্রায়ই ময়লা, দূষণের কণা এবং জীবাণু দ্বারা দূষিত হয়। এই জল চোখে পড়লে সংক্রমণ হতে পারে।
  • দুর্বল স্বাস্থ্যবিধি- ঘন ঘন হাত না ধোয়া বা দূষিত জলের সংস্পর্শে আসালে চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ে।
  • এছাড়াও চোখ ঘষা, কন্টাক্ট লেন্সের সঠিক যত্ন না নেওয়া এবং বিশেষ করে চোখের মেকআপ পরিষ্কার না করলেও কিন্তু সংক্রমণ হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, বর্ষায় সঠিকভাবে চোখের যত্ন না করলে কী কী সমস্যা দেখা দেয়-

  • কনজেক্টিভাইটিস- এটি লাল চোখ নামেও পরিচিত। এতে চোখ ফুলে যায়, যার কারণে চোখ লাল হয়ে যায় এবং ফোলা ও চুলকানির সমস্যা হয়।
  • কর্নিয়ার আলসার- কর্নিয়ায় সংক্রমণের ফলে চোখে ব্যথা, লালভাব এবং দৃষ্টি ঝাপসা দেখা দেয়।
  • স্টাই চোখ- এতে চোখের উপরে একটি লাল পিণ্ড দেখা যায়, যা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। এতে চোখ থেকে স্রাব, চুলকানি ও ব্যথা হয়।

চোখের সংক্রমণের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এরমধ্যে রয়েছে-

  • লাল চোখ
  • চোখের ব্যথা বা চুলকানি
  • জলভরা চোখ
  • ঝাপসা দৃষ্টি
  • চোখে হলুদ পুঁজ

তাই বর্ষাকালে চোখের সংক্রমণ এড়াতে আপনি কিছু বিশেষ টিপস মাথায় রাখতে পারেন। যেমন-

  • হাতের পরিচ্ছন্নতা- ঘন ঘন সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে নিন। বিশেষ করে খাবার খাওয়ার আগে, চোখ স্পর্শ করার আগে বা টয়লেটে যাওয়ার পরে।
  • পরিচ্ছন্নতার যত্ন নিন- আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, বিশেষ করে আপনার বাড়ি এবং কর্মস্থল। ধুলো-বালি ইত্যাদির কারণেও চোখে সংক্রমণ হতে পারে।
  • চোখ ঘষা এড়িয়ে চলুন- আপনার চোখে বারবার হাত দেবেন না, এতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সরাসরি চোখে পৌঁছতে পারে। এছাড়াও, চোখ ঘষলে চোখের কর্নিয়ারও ক্ষতি হতে পারে।
  • কন্টাক্ট লেন্সের যথাযথ যত্ন নিন- নিয়মিত কন্টাক্ট লেন্স পরিষ্কার করুন এবং সঠিকভাবে সংরক্ষণ করুন। নাহলে সমস্যা বাড়তে পারে।
  • চোখের মেকআপের জন্য সঠিক পণ্য- আপনার চোখের মেকআপ ব্রাশগুলি নিয়মিত পরিষ্কার করুন এবং সেগুলি অন্যদের সাথে শেয়ার করবেন না। এতে চোখের সমস্যা বাড়ে।

এছাড়াও, চোখের সংক্রমণের কোনো লক্ষণ দেখলে অবিলম্বে চোখের চিকিৎসের সঙ্গে যোগাযোগ করুন।

Story first published: Wednesday, August 28, 2024, 15:38 [IST]
X
Desktop Bottom Promotion