প্রচণ্ড দাবদাহে শরীর ঠাণ্ডা রাখতে খান বেলের শরবত! রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ

By Bhagysree Sarkar

দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ চলছে। গরমে শরীরে সবথেকে বেশি যে সমস্যা দেখা দেয় তা হল, পর্যাপ্ত জলের অভাব। তবে এমন কিছু পানীয় রয়েছে, যা খেলে মিটবে শরীরে জলের ঘাটতি। পাশাপাশি ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া খনিজের অভাবও পূরণ হবে। পুষ্টিবিদরা বলছেন, এই গরমে শরীর ঠাণ্ডা রাখার জন্য বেলের শরবত খান। বহু যুগ আগে থেকে আয়ুর্বেদ শাস্ত্রে উপকারী ফল হিসেবে বেল পরিচিত। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান সহ অনেক পুষ্টিগুণ। এই গরমে শরীর সুস্থ রাখতে বেল খাওয়া খুবই উপকারী।

প্রচণ্ড গরমে এক গ্লাস বেলের শরবত আমাদের শরীরকে ঠাণ্ডা এবং মনকে চাঙা করতে পারে। এটি পেটের জন্যও উপকারী। আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি, পেট পরিষ্কার করার জন্য বেল খাওয়ার কথা। কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা, হজমের গণ্ডগোল সারাতেও এই শরবত বেশ উপকারী। এছাড়াও এই গরমে ত্বকের জেল্লা ধরে রাখতে বেলের শরবতের জুড়ি মেলা ভার।

ছবি সৌজন্য- pexels

গবেষণায় দেখা গিয়েছে, পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান। যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ দেয়। এছাড়া, পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান। যা যক্ষ্মা কমাতেও সাহায্য করে। রোজ রাতে শুতে যাওয়ার আগে, ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবত খেলে ভালো ফল পাবেন।
আসুন জেনে নিই এই গরমে বেলের শরবতের উপকার-

১. এই গরমে অন্যান্য ফলের চেয়ে বেলের স্বাস্থ্যগুণ একটু বেশিই বলা যেতে পারে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম। এতে রয়েছে ভিটামিন-এ,সি ও প্রচুর খনিজের জোগান। এছাড়াও, এর ভিটামিন-এ চোখের পুষ্টি জোগায় ও চোখের সুরক্ষায় সহায়ক। ভিটামিন-সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে গ্রীষ্মকালীন রোগগুলি থেকে সুস্থ থাকা যায়।

২. বেল পাকস্থলীর জন্যও উপকারী। এটি খাবার সঠিক ভাবে হজম করতে সক্ষম। এছাড়াও, মলদ্বারের রোগ যেমন- পাইলস, হেমোরয়েড রোগীরা নিয়মিত বেলের শরবত খেলে তা ওষুধের মতো কাজ করে। এছাড়াও, পেটের নানা অসুখে বেলের শরবত দারুণ উপকারী। দীর্ঘমেয়াদি আমাশয়, ডায়রিয়া রোগে কাঁচা বেল খেলে উপকার পাওয়া যায়।

৩. বেলে ন্যাচারাল ফাইবারের পরিমাণ অনেক বেশি। তাই এটি পেটে গ্যাস-এসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যও দূর হয়।

৪. বিশেষজ্ঞদের মতে, এই গরমে প্রতিদিন বেলের শরবত খেলে শরীরের ক্লান্তি দূর হয়। পরিশ্রমের পর এক গ্লাস বেলের শরবত সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে প্রাণবন্ত করে তোলে।

কীভাবে বেলের শরবত তৈরি করবেন-

উপকরণ: বেল ১টি, জল ৫ কাপ, নুন (পরিমাণমত), চিনি ৪ টেবিল চামচ, পুদিনা পাতা এক মুঠো, বরফের টুকরো

কীভাবে বানাবেন-
প্রথমে একটি বেল ভেঙে তার ভিতর থেকে শাঁস বার করে একটি পাত্রে রাখুন। এবার শাঁসটি হাত দিয়ে ভালো করে চটকে নিন। এরপর সেটা থেকে বীজগুলি বের করে নিন।
এরজন্য ছাঁকনির সাহায্য নিতে পারেন, এটিকে ছেঁকে নিন। এর সঙ্গে চিনি এবং সামান্য নুন মিশিয়ে নিন। যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। নুন চিনি গলে গেলে বেলের সঙ্গে আস্তে ধীরে জল মিশিয়ে নিন। ঘনত্ব কেমন রাখতে চান, সেই বুঝে জল মেশাবেন। তৈরি আপনার বেলের শরবত। এবার একটি কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ এবং পুদিনা পাতার কুচি দিয়ে শরবত ঢেলে নিন। ঠাণ্ডা শরবত পরিবেশন করুন।

Story first published: Monday, May 6, 2024, 13:30 [IST]
X
Desktop Bottom Promotion