আপনার কি স্ট্রেস বেড়েছে? সাবধান, এটি রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ, বলছেন বিশেষজ্ঞরা

By Bhagysree Sarkar

বর্তমানে কমবেশি সকলেই নানান কর্ম ব্যস্ততায় থাকেন। একদিকে পরিবারের থেকে চাপ, অন্যদিকে অফিস নানান জায়গার বিভিন্ন চাপ। এসবের মধ্যে দৈনন্দিন জীবনযাপন ও খাদ্যাভাসে পরিবর্তন হচ্ছে। ফলে নানান স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে পাল্লা দিয়ে। এরমধ্যেই দ্রুত বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যাও। এখন অল্প বয়সেই অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন। রক্তচাপ কম বা বেশি, উভয় অবস্থাই আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে কোটি কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই এই সমস্যা সম্পর্কে অবগত নই। এমত পরিস্থিতিতে উচ্চ রক্তচাপ আরও বিপজ্জনক। যদিও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিশেষজ্ঞরা ওষুধ দেন, কিন্তু শুধু ওষুধই যথেষ্ট নয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনধারা পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজনীয়।

ছবি সৌজন্য- pexels

এই উচ্চ রক্তচাপের সমস্যা অবহেলা একেবারেই উচিত নয়। কারণ এই সমস্যা যদি দীর্ঘ সময় ধরে থাকে, তবে এটি আপনার রক্তনালীগুলির ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, আপনার হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, স্ট্রোক, কিডনির ক্ষতি, দুর্বল দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি হ্রাস সহ অনেক প্রাণঘাতী সমস্যারও ঝুঁকি বাড়িয়ে তোলে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখবেন-

১. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে প্রথমে খাবারে নুন খাওয়া সীমিত করা উচিত। প্রতিদিন ১ চা চামচ বা তার কম নুন খাওয়া উচিত। এছাড়াও জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে নুন থাকে, তাই এই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

২. মানসিক চাপ বা স্ট্রেস রক্তচাপ বৃদ্ধির একটি অন্যতম কারণ। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হলে আগে আপনার স্ট্রেস লেভেল কমাতে হবে। যোগব্যায়াম ও ধ্যান করুন। এছাড়া আপনি আপনার প্রিয় কার্যকলাপ করতে পারেন বা একটি খেলা খেলতে পারেন। এসবের মাধ্যমেও উচ্চ রক্তচাপ কমাতে পারবেন।

৩. অনেক সময় স্থূলতার কারণেও রক্তচাপ বৃদ্ধির সমস্যা হয়। কারণ এটি পেশীতে আঘাতের কারণ হতে পারে। এটি হার্টের স্বাস্থ্যের উপর কু-প্রভাব ফেলে। তাই আপনার উচিত ওজন নিয়ন্ত্রণ করা এবং দই, বাটার মিল্ক, দুধ, পনিরের মতো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়া।

৪. এছাড়াও উচ্চ রক্তচাপ রোগীদের প্রতিদিন অন্তত ৪০ থেকে ৬০ মিনিট ব্যায়াম করা উচিত। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত শারীরিক কার্যকলাপ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমও কিন্তু প্রয়োজন।

Story first published: Saturday, July 20, 2024, 13:31 [IST]
X
Desktop Bottom Promotion