Black Fever : করোনার মধ্যেই রাজ্যে কালাজ্বরের আতঙ্ক! জেনে নিন এই রোগের উপসর্গ

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। করোনার চতুর্থ ঢেউয়ের আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কালাজ্বর। রাজ্যের ১১টি জেলায় এখনও পর্যন্ত কমপক্ষে ৬৫ জন কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, কালাজ্বর কী, এই রোগের কারণ এবং উপসর্গ -

Black Fever

কালাজ্বর কী?

লিশম্যানিয়া গোত্রের প্রোটোজোয়া নামের এক পরজীবী বাহিত রোগ হল কালাজ্বর বা ভিসেরাল লিশম্যানিয়াসিস। এদেশে এই রোগের বাহক হল স্ত্রী বেলে মাছি। বেলে মাছির কামড় দ্বারা এই রোগ বিস্তার লাভ করে। কালাজ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে কালচে ভাব দেখা যায়, তাই রোগটির এরকম নাম। কালাজ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

পরজীবীর প্রকোপে হওয়া লিশম্যানিয়াসিস রোগের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল এই ভিসেরাল লিশম্যানিয়াসিস, যা কালাজ্বর নামেই অধিক পরিচিত। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যাঁতস্যাঁতে মাটির বাড়ি, মেঝেতে বা দেওয়ালে বেলে মাছি ডিম পাড়ে। এই মাছির শরীরে বসবাসকারী পরজীবী দ্বারা কালাজ্বরে আক্রান্ত হয় মানুষ।

দরিদ্র জনগোষ্ঠী যাঁরা মাটির ঘরে বাস করেন, অপরিচ্ছন্ন জায়গায় বা গোয়াল ঘরের আশেপাশে থাকেন, তাঁরাই বেশি এই রোগে আক্রান্ত হয়। বেলে মাছি বাস করে মাটির ফাটলে বা আবর্জনার নীচে। মাটি এবং মাটির বাড়িগুলিতেই বেশি দেখা যায় বেলে মাছি।

কালাজ্বরের লক্ষণ

কালাজ্বরে সংক্রমিত হলে - ওজন কমে যায়, অবসাদ, খিদে কমে যায়, বমি বমি ভাব, জ্বর, শরীরের চামড়া শুকিয়ে যায়, রক্তাল্পতা দেখা দেয়, যকৃৎ ও প্লীহার আকার বৃদ্ধি, এই সব উপসর্গ দেখা দেয়। এছাড়াও, এই রোগে ১৪ দিনের বেশি জ্বর থাকে।

Story first published: Saturday, July 16, 2022, 21:19 [IST]
X
Desktop Bottom Promotion