গরমেও ত্বকের জেল্লা ধরে রাখতে একাই একশো তরমুজ! কী ভাবে কাজে লাগাবেন?

Watermelon for Summer Skincare in Bengali: বেশ জাঁকিয়ে পড়েছে গরম। এই সময় শরীর ঠান্ডা রাখতে অনেকেই ভরসা রাখছেন বিভিন্ন গ্রীষ্মকালীন ফলের উপর। গরমকালে আম-জাম-লিচুর পাশপাশি তরমুজের চাহিদাও থাকে সবচেয়ে বেশি। গরমে ঘেমে নেয়ে কয়েক টুকরো তরমুজ বা তরমুজের রস খেলেই চাঙ্গা হয়ে যায় শরীর। তরমুজ (Watermelon) শরীরে জলের চাহিদা মেটায়, শরীর ঠান্ডা রাখে, আবার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

তবে অ্যান্টি-অক্সিডেন্টে ঠাসা তরমুজ কিন্তু ত্বকের জন্যও খুব উপকারী। তরমুজ দিয়ে খুব ভাল ভাবে ত্বকের পরিচর্যা করা সম্ভব। গ্রীষ্মকালীন ত্বকের নানা সমস্যা দূর করতে তরমুজের জুড়ি মেলা ভার। এক নজরে দেখে নেওয়া যাক ত্বকের যত্নে তরমুজ কী ভাবে কাজে লাগে।

watermelon for summer skincare

তরমুজ ফেসিয়াল মিস্ট
গরমের মরশুমে ত্বক হাইড্রেটেড রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে তরমুজ। তরমুজ দিয়ে ফেসিয়াল মিস্ট তৈরি করে ব্যবহার করুন। এতে ত্বক হাইড্রেট থাকবে। মিক্সিতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে নিন। এবার রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ভরে ফেলুন। ফ্রিজে রাখবেন বোতলটি। প্রয়োজন মতো ব্যবহার করুন একেবারে প্রাকৃতিক ফেসিয়াল মিস্ট।

তরমুজের স্ক্রাব
ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ ত্বককে এক্সফোলিয়েট করে, পাশাপাশি জেল্লাও ফেরায়। তরমুজের স্ক্রাব তৈরি করার জন্য, একটি বাটিতে পরিমাণমতো চিনি, নারকেল তেল এবং তরমুজের রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই স্ক্রাব দিয়ে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপরে একেবারে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

তরমুজ ফেস মাস্ক
মিক্সিতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে, তার সঙ্গে মধু এবং দই মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে তরমুজের ফেস মাস্ক।

তরমুজ লিপ স্ক্রাব
তরমুজে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা ঠোঁটকে হাইড্রেট এবং নরম রাখতে সাহায্য করে। ব্রাউন সুগার এবং নারকেল তেলের সঙ্গে তরমুজের রস মিশিয়ে নিন। ঠোঁটে এই মিশ্রণটি দিয়ে স্ক্রাব করুন। তারপরে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

চোখের যত্নে তরমুজ
তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। এই সব উপাদানই চোখের চারপাশে কালচে ভাব এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। এই সমস্যার সমাধানে দারুণ কাজে আসে তরমুজ। কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে নিন। এবার তরমুজের রসে তুলোর প্যাড ভাল ভাবে ভিজিয়ে চোখের উপর রাখুন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

তরমুজ হেয়ার মাস্ক
তরমুজে থাকা অ্যামিনো অ্যাসিড চুল মজবুত করে এবং চুল ভাঙা আটকায়। তরমুজের পেস্টের সঙ্গে নারকেল তেল এবং মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

Story first published: Monday, May 15, 2023, 21:36 [IST]
X
Desktop Bottom Promotion