মুখে ভরে যাচ্ছে কালচে দাগছোপ? আলুর গুণেই দূর হবে সমস্যা!

বাঙালির পাতে আর কোনও সবজি থাকুক বা না থাকুক আলু থাকবেই। তরকারিতে একটু আলু না পড়লে বাঙালির মুখে রোচে না। এমনকী যাঁরা কোনও দিনই সবজির ধারপাশও মাড়ান না, তাঁরাও পর্যন্ত আলু খেতে ভালোবাসেন।

তবে শুধু খাওয়া নয়, রূপচর্চাতেও কিন্তু আলুর খুব কদর। ত্বকের কালো ছোপ, পিগমেন্টেশন এক নিমেষে উধাও হয় আলুর গুণেই। ভিটামিন, খনিজ এবং এনজাইম সমৃদ্ধ আলু ত্বকের নানা সমস্যায় দারুণ কার্যকর। বিশেষত ত্বকের পিগমেন্টেশন হালকা করে জেল্লা ফেরাতে আলুর জুড়ি নেই! জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন।

potato for skin pigmentation

আলুর রস

ত্বকের কালচে দাগছোপ, পিগমেন্টেশন হালকা করতে দারুণ কার্যকর আলুর রস। একটি আলুর খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিন ভাল করে। মিক্সিতে আলুর পেস্ট করে নিন। এবার হাত দিয়ে চেপে চেপে রসটা বার করে নিন। আপনি চাইলে ছেঁকেও নিতে পারেন এটি। দাগছোপের জায়গায় আলুর রস লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ত্বকে আলুর রস লাগান। ফল পাবেন হাতেনাতে!

আলুর স্লাইস

পিগমেন্টেশন হালকা করতে আলুর স্লাইসও ব্যবহার করতে পারেন। একটি আলুর খোসা ছাড়িয়ে একেবারে পাতলা গোল করে কেটে নিন। দাগছোপের উপরে কয়েক মিনিট ঘষুন আলুর স্লাইস। ত্বকে এর রসটা শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। কয়েক সপ্তাহ দিনে দু'বার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

আলু এবং লেবু

লেবু এবং আলু একসঙ্গে ত্বকের দাগছোপ, পিগমেন্টেশন হালকা করতে খুব ভাল কাজ করে। আলুর রসে অর্ধেক লেবুর রস মিশিয়ে দাগছোপের উপরে লাগান। মিনিট ১৫ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই মাস্কটি ব্যবহার করতে পারেন।

আলু এবং মধু

মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং জেল্লা ফেরায়। একটি সেদ্ধ আলু ম্যাশ করে তাতে এক টেবিল চামচ মধু ভাল ভাবে মেশান। কালচে দাগছোপের জায়গায় প্যাকটি লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার লাগাতে পারেন এই ফেসপ্যাক।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও কিছু করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion