Potato Peels For Skin: আলুর খোসা না ফেলে মুখে লাগান, বলিরেখা এবং দাগছোপ দূর হবে নিমেষেই!

আলু ছাড়া বাঙালী অচল। রান্নায় একটু আলু না পড়লে বাঙালীর পেট, মন কোনওটাই ভরে না। যাঁরা শাকসবজি একেবারেই পাতে তোলেন না, তাঁরাও মন প্রাণ দিয়ে আলুকেই ভালোবাসেন। তবে কেবল খাওয়া নয়, রূপচর্চাতেও কিন্তু আলুর খুব কদর। বলিরেখা থেকে মুখের কালো দাগছোপ, এক নিমেষে উধাও হয় আলুর গুণেই।

আলুর খোসাও কিন্তু সমান উপকারী। চোখের তলার কালি কমানো থেকে ত্বক পরিষ্কার করা, একাধিক পথে ত্বকের যত্ন নিতে ব্যবহার করা যেতে পারে আলুর খোসা। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে কাজে লাগাবেন আলুর খোসা।

Potato Peel For Skin

ত্বক উজ্জ্বল করে

ত্বকের কালচে দাগছোপ দূর করতে খুবই উপকারী আলুর খোসা। এতে থাকা অ্যাজেলেইক অ্যাসিড (azelaic acid) ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের দাগছোপ হালকা করে। এ ছাড়া, আলুতে ক্যাটেকোলেজ-এর (catecholase) মতো ব্লিচিং উপাদানও রয়েছে, যা ত্বকের ট্যান বা অন্য দাগ হালকা করে।

ত্বক মসৃণ রাখে

আলুর খোসা ত্বকের কোষে প্রোটিন সরবরাহ করে। ত্বক ভেতর থেকে পরিষ্কার এবং মসৃণ রাখে।

ট্যান দূর করে

ভিটামিন সি সমৃদ্ধ আলু ত্বক উজ্জ্বল করে। সান ট্যান দূর করতেও দারুণ কার্যকর। এ ছাড়া, ডার্ক সার্কেল, ফাইন লাইনস এবং বলিরেখাও দূর করে আলুর খোসা।

আলুর খোসা কী ভাবে ব্যবহার করবেন?

১) আলু ভাল ভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এই খোসা পুরো মুখে ভাল ভাবে ঘষে ৫-১০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

২) আলুর খোসা বেটে নিন। এতে টমেটোর রস এবং এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাকটি লাগালেই ফল পাবেন। আপনি চাইলে এতে টমেটোর রসের পরিবর্তে শসার রসও মেশাতে পারেন।

৩) আলুর খোসা বেটে নিয়ে তাতে পাতিলেবুর রস মেশান। এই উভয় উপাদানই ত্বকের দাগছোপ হালকা ও উজ্জ্বল করতে কার্যকর।

৪) দুই টুকরো আলুর খোসা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। এটি চোখের নীচে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এতে চোখের ফোলাভাব এবং চোখের নীচে কালো দাগ দূর হবে। তবে আপনার ত্বক সেনসিটিভ হলে আলু বা আলুর খোসা ব্যবহারের আগে প্যাচ টেস্ট করিয়ে নেওয়া ভাল।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Wednesday, August 9, 2023, 19:23 [IST]
X
Desktop Bottom Promotion