Glowing Skin Tips: শসা দিয়ে করুন রুপচর্চা, পুজোর আগেই দূর হবে ত্বকের দাগছোপ!

Glowing Skin Tips: শরীরে জলের ঘাটতি পূরণে যে ফলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে অন্যতম শসা। শশাতে ক্যালোরির পরিমাণ অনেক কম, ফলে ওজন কমাতেও অত্যন্ত কার্যকরী। পাশাপাশি হজমের সমস্যায়ও খুব ভালো কাজ করে শসা। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যে কারণে স্বাস্থ্যসচেতন ব্যাক্তিদের খাদ্যতালিকায় সারা বছরই শসা থাকে।

শসা শরীরের খেয়াল রাখার পাশাপাশি ত্বকেরও যত্ন নেয়। কালচে দাগছোপ দূর করে, ত্বকের জেল্লা ফেরায় এবং ত্বক তরতাজা রাখতেও সাহায্য করে। দেখে নিন, ত্বকের যত্নে কী ভাবে ব্যবহার করবেন শসা।

Glowing Skin Tips: cucumber juice for skin

ত্বকের জেল্লা বাড়াতে

ত্বকের জেল্লা বাড়াতে শসার জুড়ি মেলা ভার। শসার রসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা থাকে প্রচুর পরিমাণে, যা ত্বককে তরতাজা রাখতে সাহায্য করে। শসার রসের সঙ্গে একটু লেবুর রস ও মধু মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

দাগছোপ হালকা করতে

সূর্যের ক্ষতিকারক রশ্মি, হরমোনের তারতম্য, সঠিক পরিচর্যার অভাবে ত্বকে কালো দাগছোপ দেখা দেয়। শসার রস ত্বকের কালচে দাগ হালকা করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। শসার রসের সঙ্গে এক চিমটি হলুদ এবং টক দই মিশিয়ে নিন। দাগছোপের উপর এই পেস্ট লাগিয়ে লাখুন মিনিট পনেরো। তারপর জলে ধুয়ে ফেলুন।

ত্বক আর্দ্র রাখতে

শরীরে জলের অভাব ঘটলে ত্বকও আর্দ্রতা হারায়। আর, শুষ্ক ও ক্ষতিগ্রস্ত ত্বকে কালো দাগছোপ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই ত্বককে সর্বদা আর্দ্র রাখার চেষ্টা করুন। ত্বক আর্দ্র থাকলে উজ্জ্বলতাও বাড়বে। শসায় প্রায় ৯৫ শতাংশ জল। ত্বককে আর্দ্র রাখতে শসার বিকল্প নেই। তাছাড়া, ত্বককে ঠান্ডা এবং চনমনে রাখতে বেশি জল চাই। শসা সেটা দিতে পারে সহজেই।

গোলাপ জলের সঙ্গে শসার রস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। ত্বক হাইড্রেট এবং উজ্জ্বল রাখতে সারা দিনে বেশ কয়েকবার এই মিশ্রণটি মুখে লাগান। বিশেষ করে, গরমকালে এই মিশ্রণটি খুব কার্যকর।

চোখের যত্ন

সারা দিন কাজের চাপ অথবা ঘুম কম হলে চেহারা ক্লান্ত দেখায়। চোখ-মুখে ফোলাভাব দেখা দেয়। চোখের নীচে কালি পড়ে। শসা কিন্তু এই সমস্যার সমাধান করতে সক্ষম।

গোল করে দু'টুকরো শসা কেটে নিন। চোখ বন্ধ করে মিনিট ১৫ এই দুই টুকরো শসা চোখের উপরে রাখুন। কিছুক্ষণ পরেই দেখবেন সেই ক্লান্তির ছাপ উধাও হয়েছে। শসার শীতল প্রভাব ফোলাভাব কমাবে এবং চোখকে তরতাজা করে তুলবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion