চুল পড়া থেকে খুশকি, সব সমস্যার সমাধান করবে লবঙ্গ জল! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

লবঙ্গ কেবল রান্নার স্বাদ বাড়ায় না, দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশিতেও কিন্তু লবঙ্গই করে মুশকিল আসান। তবে জানেন কি, চুলের পরিচর্যাতেও লবঙ্গের জুড়ি মেলা ভার? চুল পড়া থেকে খুশকি, চুলের সব সমস্যায় দারণ কাজ করে লবঙ্গ। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর লবঙ্গ চুলের গোড়া মজবুত করে। এ ছাড়া, লবঙ্গে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। পাকা চুলের সমস্যা দূর করতেও লবঙ্গ দারুণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক, চুলের যত্নে লবঙ্গ কী ভাবে ব্যবহার করবেন-

Ways To Use Clove Water For Hair Care

লবঙ্গ জল এবং রিঠা শ্যাম্পু

রিঠা স্ক্যাল্প পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে। ৩-৪ টেবিল চামচ লবঙ্গ জলের সঙ্গে ২ টেবিল চামচ রিঠা গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্পে এবং চুলে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর আরও ৫ মিনিট রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণটি লাগালেই ফল পাবেন!

লবঙ্গ জল এবং মধু কন্ডিশনার

মধু চুলের জেল্লা ফেরায় এবং চুল পড়া রোধ করে। ২ টেবিল চামচ মধুর সঙ্গে পরিমাণমতো লবঙ্গ জল মিশিয়ে চুলে লাগান। প্রায় ১০ মিনিট এ ভাবেই রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণটি লাগালেই ফল পাবেন!

লবঙ্গ জল, অ্যাভোকাডো এবং রোজমেরি তেল

অ্যাভোকাডো ভিটামিন ই সমৃদ্ধ, যা চুল পড়া কমায়। রোজমেরি তেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার চিকিৎসায় কার্যকর।

একটা পাকা অ্যাভোকাডো ম্যাশ করে নিন। তার সঙ্গে ২ টেবিল চামচ লবঙ্গ জল এবং কয়েক ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। পুরো চুলে এই মিশ্রণটি লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। আধ ঘণ্টা পর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই হেয়ার মাস্ক লাগালেই ফল পাবেন!

লবঙ্গ জল, জবা ফুল এবং টক দই

জবা ফুল চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলের গঠন উন্নত করে। দইও চুল ভালো রাখে। কয়েকটি জবা পাতা, কয়েকটি জবা ফুল (শুধু পাপড়ি), ২ টেবিল চামচ টক দই এবং ২ টেবিল চামচ লবঙ্গ জল ভালো করে মেশান। মাথার ত্বকে এবং পুরো চুলে এই মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই হেয়ার মাস্ক লাগালেই ফল পাবেন!

লবঙ্গ জল এবং অ্যালোভেরা

অ্যালোভেরায় ভিটামিন এ, সি, ই এবং ফেনোলিক যৌগ রয়েছে, যা চুলে পুষ্টি যোগায় এবং খুশকি প্রতিরোধ করে।

২ টেবিল চামচ লবঙ্গ জলের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। তারপর পুরো চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন।

লবঙ্গ জল এবং মেথি

মেথি হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। খুশকির চিকিৎসায়ও মেথি দারুণ কার্যকর। মেথি বীজ সারা রাত মিনারেল ওয়াটারে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মেথির জল ছেঁকে লবঙ্গ জলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন।

লবঙ্গ জল তৈরির পদ্ধতি

একটি সসপ্যানে জল ফুটিয়ে নিন ভালো করে। এবার ফুটন্ত জলে কয়েকটি লবঙ্গ দিয়ে গ্যাস বন্ধ করে নিন। এক ঘণ্টা ঢেকে রাখুন। তারপর জল ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন।

X
Desktop Bottom Promotion