Summer Skin Care Tips: গরমে ত্বক ঠান্ডা রাখতে অবশ্যই ব্যবহার করুন এই ৫ ফেস প্যাক!

গরমকাল মানেই কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহ। সূর্যের তেজে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। রোদের তীব্রতায় শরীর অসুস্থ হওয়ার পাশাপাশি ত্বকেরও নানা সমস্যা দেখা দিতে থাকে। তৈলাক্ত বা শুষ্ক, সব ধরনের ত্বকেই গরমের সময় সমস্যা দেখা দেয়।

প্রবল গরমে ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। ত্বকে ট্যান, লালচে ভাব, ব়্যাশ, জ্বালা, চুলকানি, ব্রণ ছাড়াও আরও অনেক সমস্যা দেখা দেয়। যাদের তেলতেলে ত্বক, তাদের আরও বেশি ঝামেলায় পড়তে হয়। অতিরিক্ত ঘাম হওয়ার কারণে তৈলাক্ত ত্বক আরও বেশি অয়েলি হয়ে যায়। তাই এ সময় ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন।

Summer Skin Care Tips

প্রচন্ড গরমে ত্বককে সুরক্ষিত রাখতে হলে দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলুন। শরীর হাইড্রেট রাখা, সানস্ক্রিনের ব্যবহার এবং ঢিলেঢালা সুতির পোশাক পরা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়াও, গরমের সময় অতিরিক্ত মেকআপ না করাই ভালো। কারণ কসমেটিক্স ত্বকের ছিদ্র আটকে দেয়, যার ফলে ব্রণ, ফুসকুড়ির সমস্যা বাড়ে।

এ সব সমস্যার হাত থেকে রক্ষা পেতে ত্বকে ব্যবহার করুন কিছু ঘরোয়া ফেস প্যাক। এই প্যাকগুলো গরমে ত্বক ঠান্ডা রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।

শসা এবং অ্যালোভেরা ফেস মাস্ক

অর্ধেক শসার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণ মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

শসা লাগালে ত্বক ঠান্ডা হয়। অ্যালোভেরা ত্বককে হাইড্রেট করে। এই দু'টি প্রাকৃতিক উপাদান একসঙ্গে ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমাতে সাহায্য করে।

পুদিনা এবং টক দই ফেস মাস্ক

তাজা পুদিনা পাতা পেস্ট করে তার সঙ্গে টক দই মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

পুদিনা ত্বককে ঠান্ডা রাখে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট ও উজ্জ্বল করতে সাহায্য করে।

গোলাপ জল এবং চন্দন ফেস মাস্ক

এক টেবিল চামচ চন্দন পাউডারের সঙ্গে এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই ফেস প্যাকটি মুখে ১৫ মিনিট মতো লাগিয়ে রাখুন।

চন্দন ত্বককে ঠান্ডা করার জন্য উপকারী। গোলাপ জল ত্বককে হাইড্রেট এবং উজ্জ্বল করে।

শসা এবং টক দই ফেস মাস্ক

অর্ধেক শসার পেস্ট করে তাতে টক দই মিশিয়ে নিন। ১০ মিনিট এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

শসা ত্বককে ঠান্ডা করে এবং টক দই ত্বককে এক্সফোলিয়েট ও হাইড্রেট রাখে।

গ্রিন টি এবং মধুর ফেস মাস্ক

এক টেবিল চামচ গ্রিন টি গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পাতা ছেঁকে নিন এবং এক টেবিল চামচ মধুর সঙ্গে এই চা মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট এই পেস্টটি মুখে লাগিয়ে রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং ত্বক ঠান্ডা করে। মধু ত্বককে হাইড্রেট রাখে।

X
Desktop Bottom Promotion