Summer Skin Care Tips: গরমে ত্বকের যত্ন নিন এই ভাবে, ট্যানও পড়বে না, জেল্লাও থাকবে অটুট!

গরমকালে প্রায় প্রত্যেকের ত্বকেই কোনও না কোনও সমস্যা দেখা দেয়। লালচেভাব, ব্রণ, ব়্যাশ, জ্বালা, চুলকানি হতেই থাকে। ক্ষতিকারক সূর্য রশ্মির কারণে ত্বকে কালচে দাগছোপ, ট্যান পড়ে যায়। তাই এই সময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।

ত্বকের পরিচর্যায় অনেকেই ভরসা রাখেন বাজারের নামীদামি প্রসাধনীর উপর। তাতে টান পড়ে পকেটে। তাই বহুমূল্য প্রসাধনীর পরিবর্তে কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল। তাহলে জেনে নিন, গরমে ত্বক ভালো রাখে প্রতিদিন কী কী নিয়ম মেনে চলবেন-

summer skin care routine

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান
তীব্র তাপপ্রবাহ থেকে ত্বককে রক্ষা করার জন্য সবার আগে স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার দিকে নজর দিন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাকসবজি এবং ফলমূল ক্ষতিকারক সূর্য রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে। তাই এই গরমে নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অবশ্যই খান।

সানস্ক্রিন ব্যবহার করুন
গ্রীষ্মকালে ত্বকের যত্নে সবার আগে প্রয়োজন সানস্ক্রিন। সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বকের দিনের পর দিন মারাত্মক ক্ষতি করতে পারে। ত্বকে ট্যান, হাইপার পিগমেন্টেশন, কালচে দাগছোপ এবং বয়সের ছাপ পড়তে পারে। সানস্ক্রিন ব্যবহার করলে এই আশঙ্কা কমে যায়।

সানস্ক্রিন ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি বা UV থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তাই ঘর থেকে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে স্কিনে সানস্ক্রিন লাগান। যদি বাইরে একটানা থাকার প্রয়োজন হয়, তবে ২-৩ ঘণ্টা অন্তর অন্তর পুনরায় সানস্ক্রিন মাখতে হবে। তবে তার আগে অবশ্যই ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নেবেন।

হাইড্রেটেড থাকা আবশ্যক
নিয়মিত প্রচুর জল পান করুন। জল পান করলে ত্বকের স্বাস্থ্য থাকবে ভালো এবং জেল্লাও ফিরবে। জল শরীরের অতিরিক্ত টক্সিন বার করে দেয় এবং ত্বকের ক্লান্তি কাটিয়ে সতেজতা ফিরিয়ে আনে।

এ ছাড়া, মুখের ত্বককে ময়েশ্চারাইজ করতে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এটি ত্বককে সুস্থ ও তারুণ্যময় রাখে।

হালকা মেকআপ করুন
গরমে আর ভারী মেকআপ নয়, খুব হালকা মেকআপ করুন। ভারী মেকআপ ঘামের সঙ্গে মিশে ত্বকের ছিদ্রগুলি ব্লক করে দেয়, যে কারণে ত্বক শ্বাস নিতে পারে না। তাই, হালকা ওয়াটারপ্রুফ মেকআপই এই সময়টার জন্য সবচেয়ে উপযোগী। হালকা মেকআপ ত্বকে বসেও যায় সহজে, আর ওয়াটারপ্রুফ হওয়ার কারণে ঘামে গলেও যায় না। খুব হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাতে পারেন মুখে।

নিয়মিত ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজ করুন
ত্বকের সঠিক যত্নে জন্য নিয়মিত ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং খুবই গুরুত্বপূর্ণ। আপনার ত্বকের ধরন অনুযায়ী হালকা ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার লাগান। ত্বকের মৃত কোষ অপসারণ করতে সপ্তাহে একবার বা দু'বার এক্সফোলিয়েট করুন।

শরীরের ত্বকেরও যত্ন নিন
মুখের ত্বকের মতো, শরীরের ত্বকেরও পরিচর্যায় প্রয়োজন হয়। ঘরে তৈরি স্ক্রাব দিয়েই ত্বকের ময়লা, ঘাম এবং জমে থাকা তেল অপসারণ করতে পারেন। একটি পাত্রে দুই চা চামচ সি সল্ট, এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি গলা, ঘাড় এবং পুরো হাতে বেশ কিছুক্ষণ ঘষুন। ২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

Story first published: Friday, April 21, 2023, 15:29 [IST]
X
Desktop Bottom Promotion